বেকহামের ছেলের বউ ফরাসি নায়িকা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহামের সঙ্গে ছেলে ব্রুকলিন
ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহামের সঙ্গে ছেলে ব্রুকলিন

ফুটবলার ডেভিড বেকহাম ও গায়িকা ভিক্টোরিয়া বেকহামের বড় ছেলে ব্রুকলিন বেকহাম প্রেমে পড়েছেন। মেয়ে ফরাসি অভিনেত্রী ও গায়িকা সোনিয়া বেন আম্মার। বেশ কিছুদিন ধরেই এই ফরাসি সুন্দরীর সঙ্গে দেখা যাচ্ছে ব্রুকলিনকে। এমনকি তাঁর জীবনের রহস্য কন্যা হিসেবে সোনিয়ার একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্রুকলিন। এরপরই মিডিয়াগুলো হন্যে হয়ে এ মেয়ের নাম-পরিচয় খুঁজতে শুরু করে। তখনই জানা যায়, ব্রুকলিনের এ প্রেম পরিণয়ে গড়ালে সোনিয়াই হতে পারেন ফুটবলার বেকহামের ছেলের বউ!
বাবা ডেভিড বেকহাম একসময়ের নামজাদা ইংলিশ ফুটবলার, মা ভিক্টোরিয়াও প্রভাবশালী ব্রিটিশ ডিজাইনার, ব্যবসায়ী ও ‘স্পাইস গার্লস’ তারকা। এখন মা-বাবা দুজনেই আবার মডেলিংয়ের দুনিয়ায় ব্যস্ত। এমন বাবা-মা হলে সন্তানরা কি আর পিছিয়ে থাকবেন। কোনো কর্মকাণ্ড না থাকলেও তাঁরা ঠিকই উঠে আসবেন খবরের শিরোনামে। এই যেমন বেকহাম দম্পতির বড় ছেলে ব্রুকলিন। শুধু ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেই এই ছেলে হয়ে উঠেছেন ‘টিনএজ’ তারকা।

প্রেমিকা সোনিয়ার সঙ্গে প্যারিসের রাস্তায় ব্রুকলিন বেকহাম
প্রেমিকা সোনিয়ার সঙ্গে প্যারিসের রাস্তায় ব্রুকলিন বেকহাম

উঠতি মডেল ও আলোকচিত্রী ব্রুকলিনের সঙ্গে সোনিয়ার দেখা হয় এ বছরের শুরুতে মালদ্বীপে। সে সময় পরিবার নিয়ে সেখানে ঘুরতে গিয়েছিলেন ব্রুকলিন। তাই স্বাভাবিকভাবেই সোনিয়া-ব্রুকলিনের বন্ধুত্বের ব্যাপারে শুরু থেকেই বেকহাম দম্পতি অবগত। ব্রুকলিন ও সোনিয়া দুজনেরই বয়স ১৬। তাঁদের মধ্যে কাজের দিক দিয়ে সোনিয়া বেশ এগিয়ে। এরই মধ্যে এ মেয়ে অভিনয় করেছেন দুটি ফরাসি ছবিতে। নিয়মিত কাজ করছেন মঞ্চে। পাশাপাশি গায়িকা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। অন্যদিকে ইনস্টাগ্রামের জন্য ছবি তোলা ও পোস্ট করা ছাড়াও ব্রুকলিন বেশ কয়েকটি ম্যাগাজিনের প্রচ্ছদের মডেল হয়েছেন এবং চেষ্টা করছেন মা-বাবার খ্যাতির দ্যুতি থেকে বেরিয়ে স্বনামে প্রতিষ্ঠিত হতে।
হলিউডে সম্পর্কের স্থায়ীত্ব হয়ে থাকে ক্ষণকালের-ব্রুকলিন-সোনিয়াও যদি এই মন্ত্র অনুসরণ করেন তাহলে একে নিছকই ছেলেখেলা বলা যেতে পারে। কিন্তু প্রেমটা যদি ব্রুকলিনের মা-বাবার মতো গাঢ় হয়, তাহলে কোনো দ্বিধা নেই যে ফরাসি এ সুন্দরীই হতে পারেন বেকহাম-বধূ! ডেইলি মেইল।