বেকহামের হলিউড অভিষেক

প্রথমবারের মতো হলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সাবেক ফুটবল তারকা ডেভিড বেকহাম। গাই রিচি পরিচালিত পরবর্তী ছবি ‘নাইটস অব দ্য রাউন্ডটেবিল: কিং আর্থার’। এপিক অ্যাডভেঞ্চারধর্মী এই ছবির মাধ্যমেই হলিউড অভিষেক হচ্ছে বেকহামের। অবশ্য পূর্ণাঙ্গ নয়, ছোট একটি চরিত্রে দেখা যাবে ৪০ বছর বয়সী এ তারকা ফুটবলারকে।
‘নাইটস অব দ্য রাউন্ডটেবিল: কিং আর্থার’ ছবির নাম ভূমিকায় রয়েছেন ব্রিটিশ অভিনেতা ও চিত্রনাট্যকার চার্লি হানাম। অন্যান্য চরিত্রে আছেন জুড ল, এরিক বানা, কেটি ম্যাকগ্রা, অ্যানাবেল ওয়ালিস প্রমুখ। ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ২০১৬ সালের ২২ জুলাই।
গাই রিচির সঙ্গে এর আগেও কাজ করেছেন বেকহাম। ২০১৩ সালে গাই রিচি পরিচালিত এইচঅ্যান্ডএম পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক এই অধিনায়ক।
এদিকে শোনা যাচ্ছে, গাই রিচি পরিচালিত ‘দ্য ম্যান ফ্রম আঙ্কেল’ ছবিতেও অতিথি চরিত্রে দেখা যাবে বেকহামকে। অ্যাকশন কমেডি ঘরানার ছবিটি মুক্তি পাচ্ছে দুই মাস পর।
‘দ্য ম্যান ফ্রম আঙ্কেল’ ছবির ট্রেলার দেখতে ক্লিক করুন