বেনেডিক্টের কণ্ঠে শের খান

ওয়ার্নার ব্রাদার্সের জাঙ্গল বুক: অরিজিনস ছবিতে শের খান চরিত্রে কণ্ঠ দেবেন যুক্তরাজ্যের মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ।
জাঙ্গল বুক: অরিজিনস ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি সারকাস। ব্রিটিশ কবি, ছোটগল্প রচয়িতা এবং ঔপন্যাসিক রুডইয়ার্ড কিপলিং রচিত দ্য জাঙ্গল বুক অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন ক্যালি ক্লভস। ছবিটি মুক্তি পাবে ২০১৬ সালের ২১ অক্টোবর।
গত বছর মুক্তি পাওয়া দ্য হবিট: দ্য ডিজোলেশন অব স্মগ ছবিতে ড্রাগন স্মগ চরিত্রে কণ্ঠ দেন বেনেডিক্ট। সামনে দ্য ইমিটেশন গেম ছবিতে অ্যালান টিউরিং চরিত্রে দেখা যাবে ৩৮ বছর বয়সী এ তারকা অভিনেতাকে। আগামী সেপ্টেম্বর মাসে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দ্য ইমিটেশন গেম ছবির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এদিকে কিপলিং রচিত দ্য জাঙ্গল বুক অবলম্বনে জাঙ্গল বুক শিরোনামে ছবি তৈরির পরিকল্পনা করেছে ডিজনি। ছবির পরিচালক জন ফ্যাব্রু। এ ছবিতে শের খান চরিত্রে কণ্ঠ দেবেন ব্রিটিশ অভিনেতা ও সংগীতশিল্পী ইদ্রিস অ্যালবা। জাঙ্গল বুক মুক্তি পাবে আগামী বছরের ৯ অক্টোবর। দ্য হলিউড রিপোর্টার।