বেনেডিক্টের খ্যতির বিড়ম্বনা!

জনপ্রিয়তা কে না চায়? কিন্তু খ্যাতি কারও জন্য মাঝেমাঝে হয়ে দাঁড়ায় বিড়ম্বনার কারণ। এই যেমন হলিউড অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ। তাঁকে নিয়ে ভক্ত ও গণমাধ্যমের প্রবল আগ্রহ। আর এমন আগ্রহ নাকি ব্রিটিশ এই অভিনেতাকে খুব বিব্রত করে। জানিয়েছেন তিনি নিজেই।
২০১০ থেকে ‘শার্লক হোমস’ সিরিজে গোয়েন্দা শার্লক হোমসের চরিত্রে অভিনয় করছেন বেনেডিক্ট। এই সিরিজে অভিনয় তাঁকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। হলিউডের সবচেয়ে আলোচিত অভিনেতাদের মধ্যে তিনি এখন অন্যতম। তবে এই অভিনেতা নাকি তাঁর এত জনপ্রিয়তার কোন কারণ খুঁজে পান না।
কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাজ্য সফর করেন। আলোকচিত্রীরা সব ওঁত পেতে ছিলেন ওবামাকে ক্যামেরাবন্দী করার জন্য। তবে ওবামাকে পাওয়ার আগেই সাংবাদিকরা সেখানে পেয়ে যান বেনেডিক্ট কাম্বারব্যাচকে। এরপরই শুরু হয়ে যায় ‘ক্লিক ক্লিক ক্লিক’। চারিদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠে জনপ্রিয় এই তারকাকে ফ্রেমবন্দী করার জন্য।
এ প্রসঙ্গে বেনেডিক্ট মজা করে বলেন, ‘বার বার একই মানুষের ছবি তাঁরা কীভাবে তোলে? আমি তো তেমন আকর্ষণীয় কেউ না। ভাগ্যিস, আমার স্ত্রী সোফিয়া তখন আমার পাশেই ছিলেন। আলোকচিত্রীরা তাঁদের ক্যামেরার লেন্স তাই কিছুক্ষণের জন্য ওদিকে তাক করেছিলেন। তবে এমনটাই আসলে সবসময় হওয়া উচিত। আমার দিকে এতো বেশি মনযোগ আমাকে খুব বিব্রত করে। ’ আইএএনএস।