বেলতলায় আর না!

জীবনের কি-বোর্ডে কন্ট্রোল জেড থাকে না। ‘আনডু’ করার সুযোগ কোথায়! থাকলে জেনিফার লোপেজ তাঁর জীবনের কয়েকটি অধ্যায়ের প্যারাগ্রাফে গিয়ে আনডু করে দিতেন। কিংবা ব্যাকস্পেসে গিয়ে মুছে ফেলতেন কয়েকটি বাক্য। তিন বিয়ের কোনোটাতেই সুখের নোঙর ফেলতে পারেননি। অবিশ্বাসের দমকা বাতাস বন্দর থেকে ছিটকে নিয়ে গেছে সংসার নামের টলোমলো জাহাজ। জেলো তাই নাকে খত দিচ্ছেন। ও পথে আর না। ছাঁদনাতলা আর বেলতলা একই ব্যাপার। এই জীবনে আর বিয়েই করবেন না এই সংগীত তারকা।
গত মঙ্গলবার ডিজেনেরেসের শোতে এলেন লোপেজ। সেখানেই জানালেন, নববর্ষে উপহার হিসেবে টাকসিডো দিয়েছেন প্রেমিক ক্যাসপার স্মার্টকে। টাকসিডো স্যুটই তো বিয়ের দিনেও পরে ছেলেরা। ডিজেনেরেস ফোড়ন কাটলেন, তবে কি এটা বিয়ের জন্য? প্রশ্নটা শেষই করতে দিলেন না লোপেজ। আঁতকে উঠেছেন এমন ভঙ্গি করে বললেন, ‘না, না, একেবারেই না। সত্যি বলছি।’ দানে দানে তিন দান তো হয়েই গেছে। বেলতলায় আর যাবেন না।
স্মার্ট নাকি হাবার মতো এখন পর্যন্ত পাঁচবার বিয়ের প্রস্তাব পেয়েছেন। কিন্তু লোপেজ বলেছেন, বিয়ের আংটিটা খোপেই পুরে রাখো বাবা! পিপল।