বোকামির দণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি ডেপ-অ্যাম্বার হার্ড
জনি ডেপ-অ্যাম্বার হার্ড

গত নভেম্বর মাসে হলিউড ফিল্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চে মাতালের মতো আচরণ করে হইচই ফেলে দিয়েছিলেন জনি ডেপ। শোনা যাচ্ছে, ডেপের সেই আচরণে নাখোশ হয়েছেন তাঁর বাগদত্তা অ্যাম্বার হার্ড। বিষয়টিকে অ্যাম্বার ডেপের বোকামি বলেই মনে করছেন। ডেপকে বোকামির দণ্ড দিতেই কি না কে জানে, আপাতত বিয়ের পরিকল্পনা স্থগিত করেছেন ২৮ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে কন্ট্যাক্টমিউজিক ডটকম জানিয়েছে, হলিউড ফিল্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডেপের এলোমেলো আচরণ অ্যাম্বারকে ভীষণ লজ্জায় ফেলে দেয়। অ্যাম্বার বিশ্বাসই করতে পারেননি, কীভাবে জনসমক্ষে এমন বোকার মতো কাণ্ড ঘটালেন ডেপ! বিষয়টিকে একদমই সহজভাবে নিতে পারেননি অ্যাম্বার। তিনি ডেপের ওপর প্রচণ্ড নাখোশ হয়েছেন। বিষয়টি নিয়ে তাঁদের সম্পর্কে টানাপোড়েনও দেখা দিয়েছে।
২০১১ সালের অক্টোবরে মুক্তি পাওয়া দ্য রাম ডায়েরি ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে বয়সে ২৩ বছরের বড় জনি ডেপের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়ান অ্যাম্বার হার্ড। প্রেমের দুই বছর না পেরোতেই গত জানুয়ারি মাসে বাগদানের ঘোষণা আসে এই জুটির কাছ থেকে।
অ্যাম্বারকে পাগলের মতো ভালোবাসেন ডেপ। তিনি যত দ্রুত সম্ভব বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চান। কিন্তু হঠাৎ করেই বিয়ের পরিকল্পনা স্থগিত করেছেন অ্যাম্বার। তাঁর বন্ধুরা মনে করছেন, তিনি ডেপের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।
ডেপের সাবেক প্রেমিকা ফরাসি গায়িকা, মডেল ও অভিনেত্রী ভেনেসা প্যারাডাইস। ১৪ বছর একসঙ্গে বসবাসের পর ২০১২ সালে সম্পর্কের ইতি টানেন ডেপ ও ভেনেসা। তাঁদের দুই সন্তান। মেয়ে লিলি রোজের বয়স ১৫ এবং ছেলে জ্যাকের বয়স ১২ বছর।