
দর্শকদের মুখে প্রশংসা কুড়ানো ছবিগুলোই জিতল নতুন দশকে বিনোদন অঙ্গনের প্রথম পুরস্কার। সেরা অভিনেতা হিসেবে যাঁরা পুরস্কৃত হয়েছেন—জোয়াকিন ফিনিক্স, ট্যারন এগারটন, ব্র্যাড পিট—তাঁদের নামগুলো সিনেমাপ্রেমী প্রায় সবারই জানা। দেখা গেল, ব্যতিক্রমী সব গল্পের ছবিগুলোই পেল এই পুরস্কার।

গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার ভোর সাতটায়) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের হিলটন হোটেলে দেওয়া হলো ৭৭তম গোল্ডেন গ্লোব পুরস্কার। চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের জন্য দেওয়া বছরের প্রথম এই পুরস্কারের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হলিউডের খ্যাতিমান সব তারকারা। এতে জোকার ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জোয়াকিন ফিনিক্স এবং জুডি ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রেনি জেলওয়েজার।

পুরস্কার অনুষ্ঠানের খাদ্যতালিকায় সবজিপ্রধান সব খাবার পেয়ে ভীষণ খুশি হয়েছেন তিনি। এই অভিনেতা বলেন, ‘এ অনুষ্ঠানে এবারই প্রথম এ রকম মেন্যু পেলাম। সিদ্ধান্তটা ভালো ছিল।’ পুরস্কার পেয়ে একই বিভাগে মনোনয়ন পাওয়া অভিনেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি কখনোই তোমাদের প্রতিযোগী ভাবি না, বরং আমি তোমাদের ছাত্র। গেল বছর দারুণ সব কাজ করেছ তোমরা। তোমাদের সঙ্গে আমার নামটা উচ্চারিত হওয়ায় আমি গর্বিত।’

ব্র্যাড পিট ও লিওনার্দো ডিক্যাপ্রিওর ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ছবির জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন পরিচালক টারান্টিনো। আর এ ছবির জন্য পার্শ্বচরিত্রের সেরা অভিনেতার পুরস্কার জিতে খুশি ব্র্যাড পিট। বিশ্বযুদ্ধের ছবি ১৯১৭-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার নিয়েছেন স্যাম মেন্ডেস। দ্য আইরিশম্যান, ম্যারেজ স্টোরি, জোকার-এর মতো ছবিকে পেছনে ফেলেছে তাঁর ছবিটি। আসরের সম্মানজনক স্বীকৃতি আজীবন সম্মাননা ‘সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ড’ দেওয়া হয় ফরেস্ট গাম্পখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কসকে। পুরস্কার নিতে এসে আবেগে কেঁদে ফেলেন তিনি। সিনেমার বাইরে এই প্রথম তাঁকে কাঁদতে দেখা গেছে। পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘পরিবারের দিক থেকে আমি ভীষণ সৌভাগ্যবান। সামনে বসা সব দিক থেকে সেরা আমার স্ত্রী আমাকে শিখিয়েছেন, ভালোবাসা কাকে বলে। আমার পাঁচ সন্তান, যারা তাদের বুড়ো বাবাটার চেয়ে সাহসী, সমর্থ ও প্রজ্ঞাবান, আর সেই সব ভালোবাসার মানুষকে শ্রদ্ধা জানাই, যাঁরা মাসের পর মাস আমার থেকে দূরে থাকেন।’ আটবার গোল্ডেন গ্লোব জিতেছেন হ্যাঙ্কস। এ বছর আ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড ছবির জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছিলেন তিনি।
চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের জন্য ‘গোল্ডেন গ্লোব পুরস্কার’ দেওয়া হচ্ছে ১৯৪৪ সাল থেকে। এই পুরস্কারের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সূত্র: সিএনএন, হলিউড রিপোর্টার্স, গার্ডিয়ান, বিবিসি

>একনজরে
চলচ্চিত্রে সেরা
চলচ্চিত্র: ১৯১৭
অভিনেত্রী: রেনি জেলওয়েজার, জুডি
অভিনেতা: জোয়াকিন ফিনিক্স, জোকার
মিউজিক্যাল/কমেডি ছবি: ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড
অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি ছবি): আকোফিনা, ফেয়ারওয়েল
অভিনেতা (মিউজিক্যাল/কমেডি ছবি): ট্যারন এগারটন, রকেটম্যান
অ্যানিমেটেড ছবি: মিসিং লিংক
বিদেশি (দক্ষিণ কোরিয়া) ভাষার ছবি: প্যারাসাইট
সহ-অভিনেত্রী: লনা ডের্ন, ম্যারেজ স্টোরি
সহ-অভিনেতা: ব্র্যাড পিট, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড
পরিচালক: স্যাম মেন্ডেস, ১৯১৭
চিত্রনাট্য: কোয়েন্টিন টারান্টিনো, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড
সংগীত পরিচালনা: জোকার, হিলদোর গুনেদুতির
গান: ‘আই অ্যাম গনা লাভ মি অ্যাগেইন’, রকেটম্যান
সহ-অভিনেতা: ব্র্যাড পিট
সহ-অভিনেত্রী: লনা ডের্নটেলিভিশনের সেরা
সিরিজ (ড্রামা): সাকসেশন
অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান, দ্য ক্রাউন
অভিনেতা: ব্রায়ান কক্স, সাকসেশন
সিরিজ (মিউজিক্যাল/কমেডি): ফ্লিব্যাগ
অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): ফেবি ওয়ালার-ব্রিজ, ফ্লিব্যাগ
অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): রামি ইউসুফ, রামি