ব্যথায় কনসার্ট বাদ ম্যাডোনার

‘অবর্ণনীয়’ ব্যথায় ‘পপ কুইন’খ্যাত ম্যাডোনা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের মিয়ামির ‘ম্যাডাম এক্স’ শো। পেজ সিক্স একটি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
৬১ বছর বয়সী ম্যাডোনার চিকিৎসকেরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। সতর্ক করে দিয়ে বলেছেন, নিষেধ অমান্য করে তিনি যদি পারফর্ম করেন, তাহলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। রোববার মিমামির কনসার্ট বাতিল উপলক্ষে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন ‘লাইক আ ভার্জিন’খ্যাত এই তারকা।
ম্যাডোনা লেখেন, ‘অবর্ণনীয় ব্যথায় আমি কেঁদেছি। আমি আমার ভক্তদের জানাতে চাই যে আমি কতটা গভীরভাবে দুঃখিত। আমি নিজেকে একজন যোদ্ধা মনে করি। দুদিন ধরে আমি ডাক্তারদের সঙ্গে আছি। নানা রকম পরীক্ষা, স্ক্যান, আলট্রাসনো আর এক্স–রে করতে হয়েছে।’ একটা মই বেয়ে ওঠার ভিডিও শেয়ার করে ম্যাডোনা এই ক্যাপশন লেখেন।
দুদিন আগে ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছেন ম্যাডোনা। সেখানে তিনি নিজের দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি এখন কেবল বিশ্রাম নেব। কিছুই যখন করার নেই, সাজতেও নিশ্চয়ই দোষ নেই। আমি অন্তত সাজগোজ করে সময় কাটাচ্ছি।’ তাঁর বর্তমান পরিস্থিতি বোঝার জন্য, ভালোবাসা আর সমর্থনের জন্য ম্যাডোনা ভক্তদের প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অর্থাৎ বিশ্রামের সময়ে সাজগোগ করে ব্যথা আর বিষণ্নতা ভুলে থাকার চেষ্টা করছেন ‘ভোগ’, ‘টেইক আ বো’, ‘ফ্রোজেন’, ‘ফোন মিনিটসে’র মতো জনপ্রিয় গানের এই শিল্পী।
এর আগে ১৭ ডিসেম্বর মিয়ামি বিচে অনুষ্ঠিত কনসার্টে দুই ঘণ্টা দেরি করে স্টেজে ওঠেন ম্যাডনা। তাতেই রেগে যান এক ভক্ত। ম্যাডোনা দেরি করে মঞ্চে উঠেছেন—এমন অভিযোগ তুলে মামলা করেন তিনি। অভিযোগকারী ন্যাট হলান্ডার আরও জানিয়েছেন, পপ গায়িকা ম্যাডোনা সম্প্রতি তাঁর কনসার্টগুলোয় ধারাবাহিকভাবে দেরি করে আসছেন। হরহামেশাই কনসার্টে দেরি করে অংশ নেন তিনি।