ব্যামো তাঁর খরচের

মাসে খরচ সাড়ে ১৬ কোটি টাকা। আমরা হয়তো বলব বাপের ব্যাটা! কিন্তু জনি ডেপের ব্যবস্থাপকেরা বলেছেন, জনির ব্যামো হয়েছে, খরচের ব্যামো। তাঁকে ডাক্তার দেখাতে হবে।
টাকাকড়ি নিয়ে ভীষণ বিপদে পড়েছেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান তারকা। স্ত্রীকে তালাক দেওয়ার খরচ জোগাতে গিয়ে মাথা খারাপ হওয়ার অবস্থা হয়েছে তাঁর। হিসাব-নিকাশে গন্ডগোল মনে হওয়ায় গত বছরের মার্চে ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন তাঁর আয়-ব্যয় দেখভাল করা প্রতিষ্ঠানের সঙ্গে। তারাই আদালতকে জানিয়েছে, জনির খরচের রাশ টানতে যত রকম চেষ্টা ছিল, তার সবই করেছেন জোল ও রবার্ট ম্যান্ডেল।
এত টাকা জনি ঢালেন কোথায়? ঘরবাড়ি কেনা আর সেগুলোর দেখভাল করতেই তাঁর চলে যায় প্রায় ৭৫ মিলিয়ন ডলার। বিশ্বের বিভিন্ন দেশে তাঁর ১৪টি বাড়ি। বাহামায় আছে একগুচ্ছ দ্বীপ, হলিউডে কয়েকটি বাড়ি এবং ফ্রান্সের দক্ষিণে রয়েছে ৪৫ একরের জমিতে একটি অট্টালিকা। মামলায় জনির স্থাবর সম্পত্তি এবং অন্যান্য খরচের বিবরণ লেখা হয়েছে। সেখানে লেখা হয়েছে, দামি মদের পেছনে খরচ ৩০ হাজার ডলার, বিভিন্ন দেশে কর্মরত তাঁর ৪০ জন পূর্ণকালীন কর্মীর জন্য ৩ লাখ ডলার খরচ করেন জনি। আর ছবি বানানোর সময় শব্দ প্রকৌশলীদের খাওয়াতে খরচ হয় শত হাজার ডলার।
সবকিছু বিবেচনায় এনে অ্যাটর্নি মাইকেল কাম্প লিখেছেন, মনে হচ্ছে তাঁর আসলেই খরচের রোগ হয়েছে। তাঁকে মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করাতে হবে। জানুয়ারি মাসে জনি তাঁর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার মামলা ঠুকেছিলেন। সেই মামলার বিরুদ্ধে পাল্টা মামলা করেছে প্রতিষ্ঠানটি। নিজের খরুচে স্বভাব নিয়ে প্রশ্ন করা হলে একবার ওয়ালস্ট্রিট জার্নালকে জনি ডেপ বলেছিলেন, ‘আমার টাকা দিয়ে আমি প্রতিদিন ১৫ হাজার সুতার গুটি কিনব। তাতে কার বাবার কী?’ সূত্র: ভ্যারাইটি।