ব্রিটিশ যুবরাজের মার্কিন প্রেয়সী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেগান মার্কল
মেগান মার্কল

রাজা অষ্টম এডওয়ার্ড নিশ্চয়ই স্বর্গ থেকে আশীর্বাদ করছেন যুবরাজ হ্যারিকে। একটু আফসোসও হয়তো হচ্ছে। তাঁর জমানায় এমনটা হলে যে ঢি ঢি পড়ে যেত পুরো ব্রিটিশ সাম্রাজ্যে! কিন্তু সময় কতটাই না বদলেছে। এ কারণে যুবরাজ হ্যারি অনায়াসে প্রেম করতে পারছেন মার্কিন এক অভিনেত্রীর সঙ্গে। অথচ এই যুক্তরাষ্ট্রেরই এক নারীকে ভালোবেসে বিয়ে করা এডওয়ার্ডকে ব্রিটিশ সিংহাসন পর্যন্ত ছেড়ে দিতে হয়েছিল!
তা সে ইতিহাসে তোলা থাক। আপাতত সবার নজর, কে এই তরুণী, যিনি রাজপুত্তুরের মনের রাজ্য জিতে নিলেন? কিংবা এভাবেও বলা যায়, রাজপুত্রই তো জয় করেছেন র্যাচেল জেনকে! তাঁর আসল নাম অবশ্য মেগান মার্কল। টিভি সিরিজ ‘সুটস’-এর জেন চরিত্র দিয়েই পেয়েছেন খ্যাতি।
‘সুটস’-এর শুটিং করতে গিয়ে কানাডায় পরিচয় হয় মার্কল আর হ্যারির। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি ইন্সটাগ্রামে বেশ কিছু ছবি দিয়েছেন, যেখানে প্রমাণ আছে গত কিছুদিনে অন্তত দুবার লন্ডন ঘুরে যাওয়ার। ছবি আছে এমন একটা ব্রেসলেটের, যে রকম ব্রেসলেট হ্যারিও পরেন।

প্রিন্স হ্যারি
প্রিন্স হ্যারি


ব্রিটিশ রাজপরিবারের কারও প্রেম নিয়ে মিডিয়ার অতি বাড়াবাড়ির কারণেই নাকি হ্যারি এবার বেশ সতর্ক। যদিও মার্কলের কাছে তিনি অবুঝ প্রেমিকই। খুদে বার্তার ‘বোমাবর্ষণ’ করে করেই নাকি মার্কলের মনের দুর্গের প্রাচীর অবশেষে ভাঙতে পেরেছেন। অবশ্য ‘সুটস’-এ যেসব দৃশ্যে দেখা গেছে মার্কলকে, ব্রিটিশ রাজপরিবারের এসব হজম করতে একটু কষ্ট হবে বৈকি। পিপল।