‘ব্রেথলেস’খ্যাত অভিনেতা জঁ পল বেলমন্দো আর নেই
ফরাসি নবতরঙ্গ আন্দোলনের অন্যতম অভিনেতা জঁ পল বেলমন্দো আর নেই। ৮৮ বছর বয়সে মারা গেছেন এই অভিনেতা। গতকাল সোমবার এটি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী মিশেল গডেস্ট। জঁ পল বেলমন্দোর মৃত্যুর কারণ জানানো হয়নি।
১৯৩৩ সালে ফ্রান্সের নিউলি-সুর-সিনে শহরতলিতে ফরাসি ভাস্কর পল বেলমন্দো ও শিল্পী সারাহ রেনু–রিচার্ডের ঘরে জন্ম নেন বেলমন্দো। পড়াশোনার থেকে খেলাধুলাতেই মনোযোগ ছিল বেশি। নেমে পড়েছিলেন বক্সিংয়ে। যদিও তিনি বিখ্যাত হয়ে যান অভিনয়ে।
নাটক দেখার শখ ছিল তাঁর। সেই সূত্র ধরে তিনি প্যারিস কনজারভেটরিতে ভর্তি হন ১৯৫২ সালে। এরপর থেকে অভিনয়ে নিজেকে মেলে ধরতে শুরু করেন। আর ফরাসি নবতরঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন।
কিন্তু তাঁকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দিয়েছে ফরাসি নবতরঙ্গের অন্যতম সিনেমা ‘ব্রেথলেস’। জঁ লুক গদারের হাত ধরে মিশেল চরিত্রে অভিনয় করে ইতিহাস সৃষ্টি করেন বেলমন্দো। নিজেও একসময় বেড়ে উঠেছিলেন বোহেমিয়ান হিসেবে। আর মিশেল চরিত্রে সেই বেড়ে ওঠাকেই যেন মেলে ধরলেন।
ধীরে ধীরে যুক্ত হয়ে যান ফরাসি নব তরঙ্গ দলের সঙ্গে। পঞ্চাশ ও ষাটের দশকে ফরাসি নবতরঙ্গ চলচ্চিত্রের তিনি ছিলেন পরিচিত মুখ।
তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্য আছে ‘টু ওম্যান’, ‘আ ওম্যান ইজ আ ওম্যান’, ‘লিও মরিন, প্রিস্ট’, ‘লে ডুলোস’, ‘পিয়েরে লে ফু’।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ টুইটবার্তায় জানিয়েছেন, বেলমন্দোর মৃত্যুতে ফ্রান্স ‘এক জাতীয় সম্পদ’ হারাল।