ব্র্যাঞ্জেলিনা ভাঙনে নেই তিনি

হলিউড জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদে অভিযোগের তীর উঠেছে ফরাসি অভিনেত্রী মারিও কোঁতিয়ার দিকে। কিন্তু তিনি সাফ জানিয়ে দিলেন, এই ভাঙনে তাঁর কোনো দায় নেই।
মারিও কোঁতিয়া ও ব্র্যাড পিটের ছবি ‘অ্যালাইড’ মুক্তি পাবে আগামী নভেম্বরে।
মারিওর স্বামী গিউম ক্যানেট ফরাসি অভিনেতা, চিত্রনাট্যকার ও নির্মাতা। ২০০৭ সালে তাঁরা বিয়ে করেন। ইনস্টাগ্রামে মারিও কোঁতিয়া গুঞ্জনের উত্তরে লেখেন, ‘অনেক বছর আগেই আমি আমার জীবনসঙ্গীর (গিউম ক্যানেট) দেখা পেয়েছি। তিনি আমার ভালোবাসা, আমার কাছের বন্ধু, এ কারণে তাঁকে আমার প্রয়োজন।’ একই সঙ্গে কোঁতিয়া তাঁদের দ্বিতীয় সন্তান আসার খবরটিও দেন।
গত সোমবার জোলি ও পিটের বিবাহ বিচ্ছেদের আবেদনের খবরটি বেরোলে এই অভিনেত্রীর ওপর সবার দৃষ্টি পড়ে। কোঁতিয়া তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ‘ঝোড়ো খবরটি বের হওয়ার পরে এটাই আমার প্রথম ও একমাত্র প্রতিক্রিয়া। আমি এ ধরনের বিষয়ের ওপর এমনভাবে মন্তব্য করতে অভ্যস্ত নই। এসব বিষয়ে গুরুত্ব দিতেও পছন্দ করি না। কিন্তু আমার ভালোবাসার মানুষরাও এতে জড়িয়ে যাচ্ছেন, প্রভাবিত হচ্ছেন, তাই আমাকে কথা বলতে হলো।’
শেষে তিনি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটকে শুভ কামনা জানান। বিবিসি