ব্র্যাঞ্জেলিনার ছয় সন্তান শিখছে সাত ভাষা

হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও অভিনেতা ব্র্যাড পিটের নিজেদের তিন সন্তান। শাইলোর বয়স দশ, আর যমজ নক্স ও ভিভিয়ান এবার সাতে পা দিয়েছে। এ ছাড়াও ব্র্যাঞ্জেলিনা দম্পতি দত্তক নিয়েছেন আরও তিন সন্তান। কম্বোডিয়া থেকে ম্যাডক্স, ভিয়েতনাম থেকে প্যাক্স আর ইথিওপিয়া থেকে যাহারাকে তাঁরা দত্তক নিয়েছিলেন।
সন্তানেরা কে কোন ভাষা শিখবে—তা নিয়ে কখনোই কোনো জোর খাটাননি ব্র্যাঞ্জেলিনা জুটি। তাই তারা একেকজন একেক ভাষা শিখছে। জোলি জানান, সন্তানদের পছন্দমতো ভাষা শেখার স্বাধীনতা তিনি দিয়েছেন। শাইলো এখন শিখছে কম্বোডিয়ার খেমার ভাষা। প্যাক্স শিখছে ভিয়েতনামিজ, ম্যাডক্স শিখছে জার্মান ও রুশ ভাষা। যাহারা ফ্রেঞ্চ শিখছে। ভিভিয়ান শিখতে চায় আরবি। নক্স আবার সাংকেতিক ভাষার প্রতি আগ্রহী।
জোলি বলেন, ‘আসলে সন্তানেরা যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে নিজেকে মেলে ধরবে আপনি আবিষ্কার করতে পারবেন না যে ওরা কে কী করতে চায়। ওরা যা হতে চায়, তা-ই হচ্ছে। ওরা অন্যান্য সংস্কৃতির প্রতিও আগ্রহী হয়ে উঠছে। ওদের নিয়ে সব সময় এমন স্বপ্নই দেখতাম।’
ছয় সন্তানের মধ্যে কেউই নাকি হলিউডে মা-বাবার পথ অনুসরণ করতে চায় না। তবে অভিনয়ে নাম না লেখালেও চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহ আছে তাদের। তথ্যসূত্র: ডেইলি মেইল