ব্র্যাড পিট কাঁদলেন

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর গত সপ্তাহে সন্তানদের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছেন ব্র্যাড পিট। ছয় সন্তানের সঙ্গে অনেক দিন পর দেখা হওয়ায় নাকি নিজের আবেগ ধরে রাখতে পারেননি পিট। সন্তানেরাও বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েন। সাক্ষাতের সময় উপস্থিত একটি সূত্র পিপল ম্যাগাজিনকে এ কথা জানায়।
১৯ সেপ্টেম্বর স্বামী ব্র্যাড পিটের থেকে বিচ্ছেদের আবেদন করেন অ্যাঞ্জেলিনা জোলি। এরপর তিনি ছয় সন্তান নিয়ে নতুন বাড়িতে ওঠেন। আদালতের দেওয়া একটি সাময়িক রায়ে জোলি সন্তানদের অভিভাবকত্ব পেয়েছেন। সন্তানেরা এখন তাঁর কাছেই আছে। বাবা হিসেবে পিট কেবল তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। গত সপ্তাহের শেষে প্রথমবার বাবা ও সন্তানেরা মিলিত হলো। পিটকে দেখামাত্রই নাকি কান্নায় ভেঙে পড়েন ভিভিয়েন ও জাহারা। পিট তাঁর আবেগকে নিয়ন্ত্রণ করতে চাইলেও শেষ পর্যন্ত নাকি আর চোখের পানি ধরে রাখতে পারেননি।
ঘটনার সময় উপস্থিত থাকা একজন জানান, সন্তানেরা তাদের বাবার কাছে জানতে চাইছিল তারা কবে নিজেদের বাড়িতে ফিরতে পারবে?
বাবা-সন্তানদের সেই দেড় ঘণ্টার সাক্ষাৎ নাকি ছিল ভীষণ হৃদয়বিদারক। তাঁরা একসঙ্গে কিছুক্ষণ খেলেছে, ছবিও এঁকেছে। তবে পুরোটা সময় তাঁদের সঙ্গে ছিলেন একজন থেরাপিস্ট। পিপল।