ব্র্যাডলি কুপার-ইরিনার প্রেমের ইতি

ব্র্যাডলি কুপার আর ইরিনা শায়েকের প্রেমের সম্পর্ক টিকল মাত্র নয় মাস। এই তো গত বছরের মে মাসের দিকে রুশ মডেলকন্যা ইরিনা শায়েক ও হলিউডের তারকা ব্র্যাডলি কুপারের প্রেমের খবর রটেছিল। ২০১৫ সালের মে মাসের দিকে গণমাধ্যমগুলো সে খবর প্রকাশও করেছিল।
যা হোক, এই দুই তারকার সম্পর্কের ইতি ঘটার খবর প্রসঙ্গে যুক্তরাজ্যের ডেইলি মিরর জানিয়েছে, ব্র্যাডলির মা ও ইরিনা শায়েকের মধ্যে ইদানীং বেশ কয়েকবারই ঝগড়াঝাঁটি হয়েছিল। পরিস্থিতি একসময় আরও খারাপের দিকেই যায়। শেষে এই দুজনের টানা বচসার যন্ত্রণায় তিতিবিরক্ত হয়ে ব্র্যাডলি কুপার তাঁর প্রেমিকা ইরিনার সঙ্গে সম্পর্কের ইতি ঘটিয়েছেন।
এ প্রসঙ্গে দুজনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ভালোই সময় কাটাচ্ছিলেন দুজনে। লস অ্যাঞ্জেলেসে একসঙ্গে এবার ক্রিসমাসও উদযাপন করেছেন চমৎকার। কিন্তু ব্র্যাডলির মায়ের সঙ্গে ইরিনার ঝগড়াঝাঁটির বিষয়টি একপর্যায়ে মাত্রা ছাড়িয়ে যায়। আর শেষে এই ছাড়াছাড়ি।
চমৎকার এক উষ্ণ সম্পর্কই গড়ে উঠেছিল দুজনের। গত বছরের এপ্রিল মাস থেকে এখানে-ওখানে দুজনের দেখা করার খবর মাঝেমধ্যেই সংবাদ হতো। গত বছরের আগস্ট মাসে তাঁরা একসঙ্গে প্রকাশ্যেই চলাফেরা শুরু করেছিলেন। ভাবটা এমন যে লোকে দেখলেই বা কী আর লিখলেই বা কী!
সম্পর্ক চুকে গেলেও এই প্রেমের সময়টা অবশ্য দারুণ কাটিয়েছেন দুজনে। সবার সামনে চুমু খাওয়া থেকে শুরু করে একটা বেপরোয়া ভাব নিয়েই দুজন দুজনের সঙ্গ উপভোগ করেছেন। এই সুন্দরী রুশ মডেল ওয়েস্ট এন্ডের মঞ্চে ব্র্যাডলির টানা বারো সপ্তাহের অভিনয় ব্যস্ততার ক্লান্তির ফাঁকফোকরগুলোকে ভরিয়ে তুলেছিলেন অনির্বচনীয় মধুর প্রেমে। এখন সেসব কেবল স্মৃতি হয়েই থাকবে।
ব্র্যাডলি অবশ্য এরই মধ্যে ঝুঁকেছেন জেনিফার লরেন্সের প্রতি। ইদানীং কেন জানি বেছে বেছে জেনিফারের সঙ্গে ছবি করার প্রতিই ঝোঁক বেড়েছে তাঁর। পিটিআই।