ব্র্যান্ডন ফ্রেজার মুম্বাইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যান্ডন ফ্রেজার
ব্র্যান্ডন ফ্রেজার

হলিউডের জনপ্রিয় ছবি ‘দ্য মামি’র অভিনেতা ব্র্যান্ডন ফ্রেজার এখন ভারতের মুম্বাইয়ে। একটি ছবির শুটিং করতে গত সোমবার ভারতে এসেছেন তিনি। ‘দ্য ফিল্ড’ নামের এই ছবির পরিচালক রোহিত কর্ণ বাটরা। আর এখানে ব্র্যান্ডন ফ্রেজারের সহশিল্পী হিসেবে থাকছেন বলিউড তারকা রাধিকা আপতে ও রণিত রয়।

‘দ্য ফিল্ড’ ছবির কিছু অংশের দৃশ্যধারণ করা হবে মুম্বাইয়ে, আর কিছু দিল্লিতে। তবে ছবির গল্পে দিল্লিই বেশি প্রাধান্য পাবে বলে জানা গেছে। এদিকে রণিত রয় ব্র্যান্ডনের সঙ্গে একই ছবিতে কাজ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত। হলিউডে এটিই তাঁর প্রথম ছবি। রণিত বলেন, ‘১৭ জুন থেকে ব্র্যান্ডনের সঙ্গে শুটিং শুরু করব। এই ছবিতে আমার চরিত্রটি খুব জটিল। এমন একটি চরিত্রে কাজ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত বোধ করছি।’

কিন্তু থ্রিলারধর্মী এই ছবিতে ব্র্যান্ডনের চরিত্র সম্পর্কে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। ৪৭ বছর বয়সী অভিনেতা ব্র্যান্ডন ‘জর্জ অব দ্য জাঙ্গাল’, ‘গডস অ্যান্ড মনস্টারস’, ‘দ্য মামি’ ও এই ছবির আরও দুটি সিক্যুয়েলসহ অনেক আলোচিত ছবিতেই অভিনয় করেছেন।

হিন্দুস্তান টাইমস।