বড় পর্দায় বাবারা...

দ্য কিড
শহরের গলি দিয়ে যাওয়ার সময় ওপর থেকে আবর্জনা পড়ল ভবঘুরে চ্যাপলিনের শরীরে। হঠাৎ তার চোখে পড়ে, ডাস্টবিনের পাশে পড়ে আছে একটি শিশু। মায়া লাগে চার্লির। সেই থেকে চার্লির ভাঙাচোরা ডেরায় বেড়ে ওঠে শিশুটি। দারিদ্র্যের জন্য ছেলেটিকে ফেলে রেখে গিয়েছিল তার মা। কয়েক বছর পর সে ছেলেকে ফিরিয়ে নেয়। এদিকে চার্লি ছেলেকে খুঁজে কোথাও পায় না। হঠাৎ পুলিশ চার্লিকে ধরে নিয়ে যায় একটি ঘরের সামনে। আর সেই ঘর থেকেই বেরিয়ে আসে শিশুটি। শিশুকে দেখে চার্লিরও মুখে হাসি।

দ্য বাইসাইকেল থিফ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে। চারদিকে অভাব। অনেক কষ্টে একটা কাজ পায় আন্তোনিও। ছেলে ব্রুনোকে নিয়ে সাইকেলে চড়ে শহরের রাস্তায় রাস্তায় পোস্টার লাগায় সে। একদিন তাদের সাইকেলটি চুরি হয়ে যায়। এরপর হন্যে হয়ে খোঁজে চুরি যাওয়া সাইকেল। কোথাও পায় না। ভারি অভিমান হয় ব্রুনোর। বাবাকে ফেলে চলে যায় ব্রুনো। আন্তোনিও হন্যে হয়ে খুঁজতে থাকে ছেলেকে। এরই মধ্যে খবর আসে, খালের মধ্যে একটি শিশু পড়ে গেছে। ব্রুনো নয় তো? পরে আরেকটি সাইকেল চুরি করতে যায় আন্তোনিও। কিন্তু ধরা পড়ে যায়। তাকে সবাই মারতে গেলে ছোট্ট ব্রুনো বাবাকে বাঁচায়।

লাইফ ইজ বিউটিফুল
জার্মান নাৎসি বাহিনী ইহুদিদের ধরে নিয়ে যাবে কনসেন্ট্রেশন ক্যাম্পে। সেই দলে আছে গুইডো ও তার ছেলে যশোয়া। নাৎসিদের ভয়ংকর নির্যাতনের কথা কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যশোয়াকে। তাই গুইডো ছেলেকে বলে, এটা আসলে একটা খেলা। এই খেলার কিছু নিয়মও আছে, যেগুলো মানলে পয়েন্ট পাবে তারা। ছেলে সত্যিই এটাকে খেলা ভেবে নেয়। ছবির শেষে বাবার কথামতো একটা ট্যাংকও দেখতে পায় সে। এর মানে খেলায় তারা জিতে গেছে?

দ্য পারসুট অব হ্যাপিনেস
গার্ডনারের ঘর নেই, চাকরিও গেছে। ছেলে ক্রিস্টোফারকে নিয়ে এখন কোথায় যাবে সে? অবশেষে রেলস্টেশনে রাত কাটানোর সিদ্ধান্ত হলো। কিন্তু সেখানে থাকতে হবে টয়লেটে। সেটা ক্রিস্টোফারকে বুঝতে দিতে চায় না গার্ডনার। সে ডাইনোসরের এক গল্প ফাঁদে। ডাইনোসরের ভয়ে দুই বাপ-বেটাকে ঢুকে পড়তে হবে গুহায়। স্টেশনের টয়লেটকে গুহা বানিয়ে রাত কেটে যায় তাদের। সকাল হলে যাত্রীরা চলে আসে। দরজায় কড়া নাড়ে তারা। কিন্তু এখনো জাগেনি ছেলে। বাবার চোখ দিয়ে পড়তে থাকে জল। অসাধারণ এই ছবিতে অভিনয়ও করেছেন বাস্তবের বাবা-ছেলে উইল স্মিথ ও জাডেন স্মিথ।
গ্রন্থনা: শরীফ নাসরুল্লাহ