বড়দিনে সন্তানদের উপহার দিলেন পিট

আগে পরিবারের সবাই মিলে একসঙ্গে বড়দিন উদ্যাপন করা হতো। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির জীবনে চলে এসেছে অনেক পরিবর্তন। সঙ্গে তাঁদের সন্তানদের জীবনেও। পিটের বিরুদ্ধে বিচ্ছেদের আবেদন করার পর থেকে সন্তানদের নিয়ে জোলি আলাদা থাকছেন। সেপ্টেম্বরের পর হাতে গোনা কয়েকবার সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন পিট। এবার বড়দিনের ছুটিতে ছয় সন্তানের সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন পিট।
একটি সূত্র জানায়, বড়দিন উপলক্ষে সন্তানদের উপহার দেওয়ার জন্য তাঁদের সঙ্গে দেখা করেছিলেন ব্র্যাড পিট। মাত্র তিন ঘণ্টার এই সাক্ষাতের আয়োজন জোলি নিজেই করেছিলেন। এই কাজে তাঁকে সহায়তা করেছেন তাঁদের পারিবারিক থেরাপিস্ট। বিচ্ছেদের পর সন্তানদের সঙ্গে পিটের প্রতিটি সাক্ষাৎই হয়েছে একজন থেরাপিস্টের উপস্থিতিতে।
সেই সূত্রটি আরও জানায়, ছয় সন্তান ম্যাডোক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স ও ভিভিয়েনের সঙ্গে উপহার বিনিময় ও গল্প করে ভালোই সময় কেটেছে পিটের। আইএএনএস।