বয়স বাড়ছে জেনিফারের!

আগে মনে যা আসত মুখে তাই বলে দিতেন তিনি। এতে কেউ কিছু মনে করল কীনা সেসব দেখার-ভাবার বিষয়টা তাঁর মনেও আসত না। প্রেম নিয়ে নানা গুজব, ব্যক্তিগত ছবি হ্যাকের পরও সে সব নিয়ে যখন ইচ্ছা হয়েছে তখনই মুখ খুলেছেন অকপটে। সংবাদমাধ্যমের সামনেও রাখঢাক না করেই কথার তুবড়ি ছুটিয়েছেন। কিন্তু ইদানীং বোধ হয় বয়স বাড়ছে জেনিফার লরেন্সের! সম্প্রতি জানিয়েছেন—কোনো কিছু বলতেও এখন ভয় পান তিনি। কোন কথায় যে কী ঘটে! কে যে কীভাবে তাঁর কথাকে নেয়, আর সে কথার ভুল অর্থ দাঁড়ায়! এখন কিছু বললেও রীতিমতো ভয়েই থাকেন তিনি। এক খবরে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
এ প্রসঙ্গে জেনিফার বলেছেন, এখন মুখ খুলতেও ভয় পান তিনি, কারণ মানুষ তাঁর এক কথার কতরকমের যে অর্থ করতে পারে তা তিনি এখন চোখের সামনে দেখতে পান।
অবশ্য জেনিফার লরেন্সের এমন ভয়ের কারণটাও যৌক্তিক। হাঙ্গার গেমের সাফল্যের পর জেনিফারের তারকা খ্যাতি ছড়ালে তাঁকে যেন আষ্টেপৃষ্ঠে চেপেই ধরেছিল সবাই। তা সে সংবাদমাধ্যমের মানুষজনই হোক; অথবা দূরের-কাছের কেউ।
বয়সের সঙ্গে সঙ্গে মানুষ পরিণত হয়— পরিবারের বর্ষীয়ানরা এমন কথাই বলে থাকেন। অবশ্য বয়সের সঙ্গে পরিণত হওয়ার বিষয়টা যে সবার ক্ষেত্রেই ঘটবে তেমনটা বোধ হয় নয়। তবে, ‘হাঙ্গার গেমস’ তারকা জেনিফার লরেন্সের ক্ষেত্রে এটি মনে হচ্ছে কাজে দিয়েছে। ইদানীং সেটা তাঁর আচরণে, কোনো বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে; কিংবা যেকোনো বিষয়ে— সব মিলিয়েই পরিণত হচ্ছেন জেনিফার লরেন্স।
খুব অল্প সময়েই হলিউডের শীর্ষ তারকাদের একজন হয়ে উঠেছেন জেনিফার লরেন্স। আর্থিক সাফল্যেই শুধু নয়, খ্যাতি আর অর্জনেও। মাত্র ২০ বছর বয়সে পেয়েছিলেন অস্কার মনোনয়ন। অস্কারের ইতিহাসে যা তৃতীয় কনিষ্ঠ
হিসেবে মনোনয়ন পাওয়া। মাত্র ২২ বছর বয়সে আবারও অস্কার মনোনয়ন। এবার রেকর্ডই বলা চলে। এত কম বয়সে ‘সেরা অভিনেত্রী’ দুই বার মনোনয়ন আর কোনো অভিনেত্রীই পাননি। ২০১২ সালে ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠ হিসেবে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন লরেন্স!
এ বছরের আগস্টে ২৫ বছর পেরিয়েছেন এই হাঙ্গার গেমস তারকা। এখন ব্যস্ত হাঙ্গার গেম সিরিজের সর্বশেষ ‘হাঙ্গার গেম: মকিংজে-২’ ছবির প্রচার নিয়ে। এ ছবিতেও লরেন্স অভিনয় করেছেন ‘ক্যাটনিস এভারডিন’ চরিত্রে। ছবিটি এ বছরের নভেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে।