ভরসা পরচুলা আর মেকআপ

মেকআপ করে কি আর অন্যের রূপ ধরা যায়? অথচ টাইটানিকখ্যাত কেট উইন্সলেটকে সেটিই করতে হয়েছিল। তাঁকে এমন এক নারীর রূপ ধারণ করতে হয়েছে, যাঁর সঙ্গে তাঁর চেহারার বিন্দুমাত্র মিল নেই। তাই ভরসা ছিল পরচুলা আর মেকআপ। ওসব পরে ছবি তুলে মেইলে পাঠিয়েছিলেন প্রযোজক স্কট রুডিনের কাছে। রুডিনও ‘ইয়েস’ বলে দিলেন। এরপর সান ফ্রান্সিসকোর মহড়াকক্ষ, সেখান থেকে ক্যামেরার সামনে।
অ্যাপলের প্রয়াত সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনীভিত্তিক চলচ্চিত্র স্টিভ জবস-এর নায়িকা হিসেবে যুক্ত হওয়ার শুরুর কথা এসব। তাতে তিনি অভিনয় করেছেন জোয়ানা হফম্যানের ভূমিকায়। জোয়ানা অ্যাপলের শুরুর দিককার একমাত্র নারী মার্কেটিং অফিসার। ধারণা করা হয়, স্টিভ জবসের সাফল্যের পেছনে এই নারীর অবদান রয়েছে।
চলচ্চিত্রটিতে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের ভূমিকায় অভিনয় করেছেন মাইকেল ফ্যাসবেন্ডার ও সেইথ রোজেন।
বিনোদন পোর্টাল ভালচারকে দেওয়া এক সাক্ষাৎকারে কেট বলেন, ‘ছবিটিতে অভিনয়ের সমস্যা ছিল একটাই। পোলিশ-আমেরিকান হফম্যানের সঙ্গে আমার চেহারার এতটুকুও মিল নেই।’
ওয়াল্টার আইজ্যাকসনের লেখা স্টিভ জবসের জীবনীর ওপর ভিত্তি করে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অ্যারন সরকিন এবং পরিচালনা করছেন স্ল্যামডগ মিলিয়নিয়ার পরিচালক ড্যানি বয়াল। ছবিটি মুক্তি পাচ্ছে এই অক্টোবরে।