ভালো কাজে কারডাশিয়ান!

‘হোয়াই সো সিরিয়াস?’ কিম কারডাশিয়ানের চেহারায় যেন এমন ভাবটাই ফুটে ওঠে। সব বিষয়ই খুব হালকাভাবে নিয়ে এর সহজ সমাধান খুঁজে বের করেন এই মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব। তবে এবার তাঁকে একটু ‘সিরিয়াস’ই মনে হচ্ছে। কারণ ‘রোগ’ জিনিসটা গম্ভীর বিষয়ই বটে। তাও মানসিক রোগ।
না, কিম কারডাশিয়ান মানসিক রোগী নন। তবে তিনি এমন একটি তথ্যচিত্র বানাতে অর্থ লগ্নি করছেন, যা মানসিক রোগের বিষয়ে সচেতনতা বাড়াবে। রেড ফ্ল্যাগ নামের এই তথ্যচিত্রে কিম আছেন নির্বাহী প্রযোজকের ভূমিকায়। এখানে দেখানো হবে গণমাধ্যম কীভাবে মানসিক রোগাক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করতে সাহায্য করে। কিম বলেন, ‘আমি ভাগ্যবান যে সব সময় পরিবার ও বন্ধুদের সাহচর্যে থাকতে পারি, যারা আমাকে ভালোবাসে। কিন্তু অনেকেই আছে, যারা এমন সমর্থন পায় না।’ তিনি আরও বলেন, বিষণ্নতা ও একাকিত্বের কারণে ২৫ ভাগ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মানসিক সমস্যায় ভোগেন। এই তথ্যচিত্রের মাধ্যমে তাই তাঁদের মানসিক রোগ নিয়ে সচেতন করতে চান কিম। ইনডিপেনডেন্ট।