ভিন ডিজেল কাঁদলেন, কাঁদালেন

পর্দায় আমরা তাঁকে দেখি ধুন্ধুমার সব অ্যাকশন দৃশ্যে। হয়তো ভাবি, নিশ্চয়ই বাস্তব জীবনেও তিনি খুব শক্তপোক্ত কঠিন হৃদয়ের এক মানুষ। ভিন ডিজেলের শক্ত পেশিবহুল শরীরের ভেতরে যে মন, সেই মনটা যে এতটা কঠিন নয়, সম্প্রতি এর প্রমাণ মিলল। এবারের ‘পিপলস চয়েজ’ পুরস্কারের আসরে পুরস্কার আনতে গিয়ে বন্ধু পলকে স্মরণ করে ভিন ডিজেল কাঁদলেন, উপস্থিত প্রায় সবাইকে কাঁদালেনও।
৬ জানুয়ারি ছিল ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড-২০১৬’-এর পুরস্কার ঘোষণার দিন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে ভিন ডিজেল মঞ্চে উঠেছিলেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির জন্য দুইটি পুরস্কার নিতে। এই দুটি পুরস্কারের একটি— ‘জনপ্রিয়তম অ্যাকশন ছবি’, অপরটি ‘জনপ্রিয়তম ছবি’ ক্যাটাগরিতে। নিজেদের সাফল্যের স্বীকৃতি অর্জনের মুহূর্তে শুধু বন্ধু পলকে স্মরণ করেই তাঁর দায়িত্ব শেষ করেননি তিনি। পলকে নিয়ে নির্মিত ‘সি ইউ অ্যাগেইন’ (আবার দেখা হবে) গানটি নিজের কণ্ঠে গেয়েও শুনিয়েছেন।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির শুটিং শেষ করে যেতে পারেননি পল। তবুও তাঁকে হারিয়ে যেতে দেননি ভিন ডিজেল। কম্পিউটার প্রযুক্তির সহায়তা নিয়ে তাঁকে ছবিতে জীবন্ত করে রেখেছেন।
অনুষ্ঠানে পলকে উৎসর্গ করা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির গানটি গাওয়ার সময় আবেগাপ্লুত হয়ে একপর্যায়ে কেঁদে ফেলেন ভিন ডিজেল।
কান্নাজড়িত কণ্ঠে ভিন ডিজেল বলেন, ‘আপনারা সবাই জানেন, প্রতিবারের মতো এবারও আমি মঞ্চে ওঠার সময় ভাবছিলাম— এখানে এসে আমি মোটেই আবেগতাড়িত হব না। এমনকি ওখানে (দর্শকের আসনে) বসেও আমি ঠিক ছিলাম। কিন্তু যখন দুটি বিষয়ে পুরস্কার জিতলাম, যখন এ ছবির প্রতি আপনাদের ভালো লাগার কথা জানতে পারলাম, ঠিক তখনই আমি ছবিতে ‘ডম’ এবং ‘ব্রায়ান’ চরিত্র দুটির মাঝে হারিয়ে গেলাম।’ কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ‘মনে পড়ে গেল পলের কথা ...।’
ভিন ডিজেল আরও বলেন, ‘ভালোবাসা দিয়ে কত কিছু যে করা যায়, আপনারা অবাক হবেন। অবাক হবেন ভালোবাসার শক্তি উপলব্ধি করে। পলের চলে যাওয়ার দিন, সেই দুর্ঘটনা এতটাই বেদনাদায়ক ছিল যে শুধুমাত্র সবার সমন্বিত প্রয়াস এবং ভালোবাসার আনুকূল্যেই ছবিটা শেষ করা গিয়েছিল।’
গান গাওয়ার আগে ভিন ডিজেল বলেন, ‘আমি এখন শুধু এটুকুই বলতে পারি, অনেকটা সময় চলে গেছে বন্ধু তোকে ছাড়া। আবার যখন দেখা হবে, তোকে তখন আমি এ হৃদয়ে জমিয়ে রাখা সব কথা খুলে বলব। সত্যিই, আমরা দুজন একসঙ্গে অনেকটা পথ পেরিয়ে এসেছি ...।’
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবিটির শুটিং শেষ হওয়ার আগেই ২০১৩ সালের ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তারকা অভিনেতা পল ওয়াকার। তাঁকে হারানোর শোক এখনো ভুলতে পারেননি ছবিটির সঙ্গে জড়িত কেউ এবং বিশ্বজুড়ে পলের কোটি কোটি ভক্তেরা।
ডেইলি মেইল ও হলিউড লাইফ অবলম্বনে দেব দুলাল গুহ।