ভিন ডিজেল-দীপিকার 'হুমকি'?

নির্মাতা ডি জে কারুসোর এক্স এক্স এক্স সিরিজের ‘দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করছেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ভিন ডিজেল। ভিডিওচিত্রটিতে ভিনের কাঁধে হাত রেখে দীপিকাও আছেন। সেখানে ভিন বলছেন, ‘ইউ উইল বি এন্টারটেইনড’। নিঃসন্দেহে ছবির প্রসঙ্গেই এ কথা বলেছেন ভিন। আর এ কথা দর্শকদের জন্য এক ধরনের প্রতিশ্রুতিও বটে। কিন্তু ভিনের বলার ভঙ্গি, দীপিকার হাসি ও ভি চিহ্ন দেখানো দেখে অনেকেরই মনে হতে পারে, প্রতিশ্রুতি? ভিন আবার সবাইকে হুমকি দিচ্ছেন না তো!
গেল সপ্তাহে ভিন ডিজেলের সঙ্গে দীপিকার একটি ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছিল। সে ছবিটি ছিল ‘দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এ দীপিকার ‘সেরেনা’ চরিত্রটির প্রথম প্রকাশিত কোনো ছবি। ভিন ডিজেল সে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, ‘শুটিংয়ের প্রথম দিন... জ্যান্ডার ও সেরেনা।’ ভিন ডিজেল তাঁর ভক্তদের ধন্যবাদ আর ভালোবাসাও জানিয়েছিলেন সেই পোস্টে। আর এবার ভিন ডিজেল ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রামে।
ইদানীং সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো হলিউড ও বলিউডের ছবির প্রচারের জন্য বিশেষ এক গুরুত্বপূর্ণ মাধ্যমে পরিণত হয়েছে। ছবির নির্মাতা থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরাও তাই শুটিং শুরুর আগে থেকেই ছবির বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের অ্যাকাউন্ট থেকে নানা ধরনের আকর্ষণীয় পোস্ট ও মন্তব্য করেন।
‘দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির জন্য ইনস্টাগ্রামে পোস্ট করা ভিন ডিজেলের এই ভিডিও পোস্টটিও প্রচারের কাজই করছে।

এ বছরের জানুয়ারি মাসে শুরু হয়েছিল এ ছবির শুটিং। আর বেশ কিছুদিন আগে থেকেই সংবাদমাধ্যমগুলো বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও হলিউডের ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা ভিন ডিজেলের নতুন ছবি ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ নিয়ে সরগরম ছিল।
এদিকে দীপিকা পাড়ুকোনের আরও একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছিলেন ‘দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ নির্মাতা ডি জে কারুসো। কারুসো তাঁর পোস্টে দীপিকার প্রশংসা করে লিখেছিলেন, ‘অসাধারণ।’
‘দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিটি এক্স এক্স এক্স সিরিজের তৃতীয় ছবি। ছবির নায়ক ‘কেজ’ (ভিন ডিজেল) দীর্ঘ আট বছর অনুপস্থিত থাকার পর ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে ফিরে এসেছেন। এমন গল্পেই এগিয়েছে ছবিটি। ভিন ডিজেল ও দীপিকা পাড়ুকোন ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন নিনা ডবরেভ, স্যামুয়েল এল জ্যাকসন, রুবি রোজ, জেট লি ও টনি জা। এ ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এনডিটিভি।