ভিন ডিজেলের জন্মদিনে দীপিকার শুভেচ্ছা

গতকাল সোমবার ছিল হলিউড তারকা ভিন ডিজেলের ৪৯তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে তাঁর ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেইজ’-এর সহশিল্পী দীপিকা পাড়ুকোন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তা পৌঁছানোর জন্য দীপিকা বেছে নিয়েছেন ইনস্টাগ্রামকে।
ইনস্টাগ্রামে দীপিকা তাঁর নিজের ও ভিন ডিজেলের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবচেয়ে দয়ালু ও উদার মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। ভালোবাসি টেডি। ’
কিছুদিন আগেই ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেইজ’ ছবির শুটিং শেষ হয়েছে। এখানে মূল চরিত্রে অভিনয় করেছেন ভিন ডিজেল। এই সিনেমায় অভিনয় করতে গিয়েই দীপিকার এই অভিনেতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। প্রায়ই শুটিংয়ের ফাঁকে তোলা মজার কিছু মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করতেন এই ভারতীয় অভিনেত্রী।
হলিউডে এটিই দীপিকার প্রথম ছবি। আর ‘ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় কিস্তি এটি। এর আগে ২০০২ সালে ‘ট্রিপল এক্স’ ও ২০০৫ সালে ‘ট্রিপল এক্স: স্টেট অব দ্য ইউনিয়ন’ মুক্তি পায়।
ছবিটি মুক্তি পাবে আগামী বছর জানুয়ারি মাসে। এনডিটিভি।