ভিন ডিজেলের ১০ কোটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিন ডিজেল
ভিন ডিজেল

নতুন ইতিহাস গড়লেন হলিউড তারকা ভিন ডিজেল। ফেসবুকে প্রথম কোনো অভিনয়শিল্পী হিসেবে ১০ কোটি অনুসারী নিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনুসারীর দিক থেকে সংগীত তারকা শাকিরা ও ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর ভিন ডিজেলের অবস্থান।
ডিজেলের এই অর্জনে তাঁকে শুভকামনা জানিয়েছেন তাঁর বন্ধুরা। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গও অভিনন্দন জানিয়ে তাঁদের প্রথম সাক্ষাতের একটি ছবি পোস্ট করেছেন তাঁর নিজের পেজে। পাশাপাশি লিখেছেন, ‘অনুসারীর সংখ্যা ১০ কোটি হওয়ায় অভিনন্দন ভিন ডিজেল। আমাদের একসঙ্গে তোলা আমার সবচেয়ে পছন্দের একটি ছবি দিলাম।’
ডিজেলের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ছবির নায়িকা মিশেল রদ্রিগেজ ফেসবুকে একটি ভিডিও দিয়ে তাতে লেখেন, ‘অভিনন্দন ভিন। তোমার শক্তি, আভিজাত্য, বিশাল হৃদয় ও নেতৃত্ব দিয়ে বিশ্বকে জয় করো, যেমন জয় করেছ আমাকে।’
ভিন ডিজেল বর্তমানে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস: এইট ছবিটি নিয়ে ব্যস্ত আছেন। এটি আগামী বছরের এপ্রিলে মুক্তির কথা রয়েছে। তা ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ডিজেলের ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেইজ ছবিটিও। এন্টারটেইনমেন্ট উইকলি।