ভিসা বিপত্তিতে ফেরত গেলেন অরল্যান্ডো ব্লুম!

ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম আজ সোমবার ভারতে নেমেছিলেন দেশটির একজন আমন্ত্রিত অতিথি হিসেবেই। ভারতের উত্তর প্রদেশের একটি বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে দেশটির বিমানবন্দরে নামার পরপরই এই অভিনেতা পড়েছিলেন ভিসা সংক্রান্ত জটিলতায়। অরল্যান্ডোর ই-ভিসা প্রত্যাখ্যাত হয়েছে— এমন কারণ দেখিয়ে সঙ্গেসঙ্গেই যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয় তাঁকে।
বিমানবন্দরে নামার পর অরল্যান্ডোকে জানানো হয় যে, তাঁর ই-ভিসাটি প্রত্যাখ্যাত হয়েছে। আর এ কারণেই ভারতের মাটিতে পা রেখেও আবারও যুক্তরাজ্যে ফেরত যেতে হয় এই অভিনেতাকে। অবশ্য শেষ রক্ষা হয়েছে। অরল্যান্ডোকে উদ্ধারে এগিয়ে এসেছেন দেশটি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ অরল্যান্ডোর এই ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়টি নিয়ে ত্বরিত পররাষ্ট্রসচিবের সঙ্গে আলাপ করেন। এর পর বিষয়টি লন্ডনের ভারতীয় হাই কমিশনে জানানোর পর অরল্যান্ডো যাতে উত্তর প্রদেশের অনুষ্ঠানটিতে যথাসময়ে অংশ নিতে পারেন সেই নিমিত্তে তাঁর প্রয়োজনীয় ভিসার বিষয়টি দ্রুততার সঙ্গে নিশ্চিত করা হয়।
অরল্যান্ডো ব্লুম যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে আবারও ভারতে পৌঁছে উত্তর প্রদেশের বিশেষ এই অনুষ্ঠানটিতে অংশ নিতে পারেন সে জন্য তাঁকে দেশটির জরুরি বা ‘তৎকাল’ ভিসা দেওয়া হয়েছে।
ব্রিটিশ এই অভিনেতা আলোচনায় আসেন ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির কল্যাণে। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ‘উইল টার্নার’ চরিত্রটির কারণেও অরল্যান্ডো ব্লুম জনপ্রিয়তা পান। ‘লর্ড অব দ্য রিংস’ ছবির ‘লেগোলাস’ চরিত্রটি তাঁকে সিনেমা দর্শকদের কাছে পরিচিত করেছে। পিটিআই।