ভুল করে শিখেছি : সেলেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

জীবনে ভুল করে তা থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন ২২ বছর বয়সী পপতারকা সেলেনা গোমেজ। তিনি বলেন, ‘জীবনে যে ভুলগুলো করেছি তা থেকে নিজেকে এবং আশপাশের অনেক মানুষকেই চিনেছি।’ যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট ম্যাগাজিনকে এ কথা বলেছেন সেলেনা।

২০১৪ সালটি ছিল সেলেনার জন্য বেশ ঘটনাবহুল। পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়ানো আবার ভেঙে যাওয়ার মতো নানা ঘটনার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে।

সেলেনা গোমেজ বলেন, ‘আমাকে যত কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে তা থেকে আমার অনেক শিক্ষা হয়েছে। এই অভিজ্ঞতা আমাকে আরও ভালো মানুষ হতে শেখাবে। কোনটি ঠিক, কোনটি বেঠিক সে বিষয়েও।’

সেলেনা আরও বলেন, ‘আমার বয়স এখনো কম আর আমার মতো কম বয়সীরা এই সময় যে অনিশ্চিত অনুভূতির মধ্য দিয়ে যায়, আমার ক্ষেত্রেও সেটাই ঘটছে । ভুলের মধ্য দিয়েই এ সময় জীবনে অনেক কিছু শেখা যায়। আমি এখন নিজেকে বলি যে, আমি সব দিক থেকে তো আর পূর্ণ হতে পারব না, তার চেয়ে আমার চারপাশে যেসব ভালো কিছু ঘটবে, তা থেকে আনন্দ খুঁজে নিতে হবে। আমি যা কিছু শিখেছি, তা নিয়ে জীবনে আমাকে এগিয়ে চলতে হবে। যে বিষয়গুলো আমাকে এবং বন্ধুদের খুশি রাখে সে বিষয়গুলো ভেবে এখন আমাকে কাজ করতে হবে।’

সেলেনা একজন পপতারকা হলেও এখন অভিনয়ের দিকেই বেশি করে ঝুঁকতে চান। অবশ্য ছবিতে অভিনয়ের জন্য সাক্ষাৎকার দেওয়াটাকে এক ধরনের বিরক্তিকর কাজ বলেই মনে করেন তিনি।