ভুল হয়ে গেছে বিলকুল
সপ্তাহান্তের ছুটিতে কোথায় যেন বেড়াতে গিয়েছিলেন ব্রিটনি স্পিয়ার্স। ইনস্টাগ্রামে সে সফরেরই দুটি ছবি দিয়েছেন সংগীতশিল্পী। ক্যাপশনে লিখেছেন, ‘এ জায়গার স্নিগ্ধ দুটি ছবি আমি আপনাদের দেখাতে চাই। কিন্তু পুরোটা সময় বৃষ্টি হয়েছে। আমার অবশ্য তাতে খুব একটা মন খারাপ হয়নি। কারণ, পুরোটা সময় আমি পাগলের মতো ঘুমিয়ে কাটিয়েছি...।’
এরপর সেখানকার হোটেলের অব্যবস্থাপনার কথা বলেছেন তিনি। লিখেছেন, ‘মোটের ওপর এই সফর সফল হয়নি, তবে আমার বয়ফ্রেন্ড সব সময় যে কথা বলে, “কৃতজ্ঞ থাকো”, এটা বলা উচিত।’
ভুলটা এখানেই হয়েছে। কারণ, স্যাম আসগরির সঙ্গে তো তাঁর বাগদান হয়ে গেছে! আর তাঁকেই কিনা এখনো বয়ফ্রেন্ড বলছেন ব্রিটনি! ব্রিটনি ভুল করলে কী হবে, স্যাম আছে না। মন্তব্যের ঘরে ‘বাগদত্তা’ লিখে ভুলটা ঠিক করে দিয়েছেন তিনি। সঙ্গে দিয়েছেন হাসি আর ভালোবাসার ইমোজি।
গত ১৩ সেপ্টেম্বর বাগদান সারেন ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরি। নিজেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভক্তদের এই খবর জানিয়েছিলেন ব্রিটনি।
ভিডিওতে দেখা গেছে, স্যাম ব্রিটনির কাছে জানতে চাইছেন, আংটিটি তাঁর পছন্দ হয়েছে কি না। ব্রিটনির উত্তর ছিল, ‘হ্যাঁ।’ ভিডিওতে প্রেমিকের দেওয়া হিরের আংটি ক্যামেরার সামনে তুলে ধরেন এই পপ গায়িকা। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওর ক্যাপশনে ব্রিটনি লিখেছিলেন, ‘বিশ্বাস হচ্ছে না।’
ব্রিটনি স্পিয়ার্সের ম্যানেজার ব্র্যান্ডন কোহেন এই খবর নিশ্চিত করে বলেছিলেন, এই যুগল দীর্ঘদিনের সম্পর্ককে আজ (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন।
ভক্তরা তাঁদের প্রতি যে সমর্থন, ভালোবাসা দেখিয়েছেন, তাতে অভিভূত তাঁরা।
২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে ২৭ বছর বয়সী স্যামের সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। এরপর বন্ধুত্ব, প্রেম ও বাগদান।