ভেঙে গেছে পাচিনো-লুসিয়ার প্রেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল পাচিনোর সঙ্গে লুসিয়া সোলা
আল পাচিনোর সঙ্গে লুসিয়া সোলা

অস্কারজয়ী হলিউডের অভিনেতা আল পাচিনো। কখনোই বিয়ের পথ মাড়াননি। তবে প্রেম করেছেন অনেকের সঙ্গেই। তাঁর সর্বশেষ প্রেমিকা আর্জেন্টিনার অভিনেত্রী লুসিয়া সোলা। তাঁদের বয়সের বিস্তর ফারাক। লুসিয়ার চেয়ে বয়সে ৩৯ বছরের বড় পাচিনো। তবে বয়সের বাধাকে অতিক্রম করে চার বছর ধরে প্রেম করেছেন তাঁরা। কিন্তু এবার পাচিনোর হাঁটুর বয়সী প্রেমিকা লুসিয়াকে সম্ভবত সাবেক প্রেমিকাই বলতে হবে। সম্প্রতি ওয়াশিং পোস্টের এক খবরে বলা হয়েছে, বিচ্ছেদের পথে হেঁটেছেন ৭৫ বছর বয়সী পাচিনো ও ৩৬ বছর বয়সী লুসিয়া।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাঁদের দেখে যতটা ঘনিষ্ঠ মনে হতো, আসল চিত্রটা আসলে তেমন নয়। চার বছর ধরে প্রেম করলেও বহুবার তাঁদের মধ্যে খিটিমিটি বেঁধেছে। বরাবরই তাঁরা নিজেদের কাজের প্রতিই বেশি মনোযোগী থেকেছেন। তাই সম্পর্ক টিকিয়ে রাখাটা তাঁদের জন্য কঠিনই ছিল।
কখনোই বিয়ের পথ না মাড়ালেও চলতি বছরের মার্চ মাসে লুসিয়াকে বিয়ে করতে চান বলে ইঙ্গিত দিয়েছিলেন ‘গডফাদার’ তারকা আল পাচিনো। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘আমি কখনোই না বলি না। সবকিছুই সম্ভব।’
পাচিনো বিয়ে না করলেও তাঁর প্রেমিকার তালিকাটা বেশ দীর্ঘই বলা যায়। তাঁর প্রেমিকার তালিকায় আছে অভিনয় প্রশিক্ষক জন টারেন্ট, অভিনেত্রী বেভারলি ডি’অ্যাঞ্জেলো, ডায়ান কিটন, টুইসডে ওয়েল্ড, জিল ক্লেবার্গ, মার্থে কেলার, ক্যাথলিন কুইনলান এবং নির্মাতা লিন্ডাল হবসের নাম। পাচিনোর তিন সন্তান। তাঁর প্রথম সন্তান জুলি মেরির জন্ম ১৯৮৯ সালে। জুলির মা অভিনয় প্রশিক্ষক জন টারেন্ট। জনের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী বেভারলি ডি’অ্যাঞ্জেলোকে সঙ্গী নির্বাচন করেন পাচিনো। ১৯৯৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত একসঙ্গে ছিলেন তাঁরা। ২০০১ সালে যমজ সন্তানের জন্ম দেন বেভারলি ডি’অ্যাঞ্জেলো। ছেলে অ্যান্টন জেমস ও মেয়ে অলিভিয়া রোজের বয়স এখন ১৪।