ভেনিসেও নারীশক্তির জয়
৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবকে কোভিড–পরবর্তী সবচেয়ে ঝলমলে আসর বললে অত্যুক্তি হবে না। পরিচালক থেকে অভিনয়শিল্পী—জনপ্রিয় তারকায় ঠাসা ছিল এবারের আসর। ম্যাগি জিলেনহল, ম্যাট ড্যামন, কেট হাডসন, ক্রিস্টেন স্টুয়ার্ট, অলিভিয়া কোলম্যান, ডাকোটা জনসন, রেবেকা ফারগুসন, হ্যাভিয়ের বারদেম কিংবা পেনেলোপে ক্রুজ। কাকে ফেলে কার কথা বলব? আর শেষ বেলায় এসে মাতিয়ে দিলেন হেভিওয়েট জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। তবে দিনশেষে আলোচনায় নারী জাগরণ। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য—সব নারীদের দখলে। মাস কয়েক আগে হয়ে যাওয়া কান চলচ্চিত্র উৎসবেও সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছিলেন এক নারী। এমনকি এবারের উৎসবে বিচারকদের তালিকায় ছিল নারীদের আধিক্য। সাত বিচারকের চারজনই নারী। এটি বিশ্বজুড়ে ‘মিটু’ আন্দোলনের ফল কি?
স্বর্ণসিংহ
হ্যাপেনিং, ওদগে দিওয়ান, ফ্রান্স
গোপনে গর্ভপাত করেছিলেন ফরাসি লেখিকা এনি আরনু। তখন ফ্রান্সে এটি নিষিদ্ধ। গর্ভপাত করতে গিয়ে যে নানা ঘাত–প্রতিঘাতের মুখোমুখি হয়েছিলেন—সেটা নিয়ে পরে আস্ত একটা বই লিখে ফেলেন এনি। ইংরেজিতে যার নাম হ্যাপেনিং। নিজের দ্বিতীয় সিনেমার জন্য এই উপন্যাসকেই বিষয় হিসেবে বেছে নিলেন ফরাসি তরুণ নারী নির্মাতা ওদগে দিওয়ান। ছবির কাহিনিকাল ১৯৬৩। মূল চরিত্রটি গর্ভবতী হয়ে পড়ে। জীবনের ঠিক এই পর্যায়ে সে মা হতে চায় না। কারণ, এতে তার স্বপ্ন ভেঙে চুরচুর হয়ে যেতে পারে। তার স্বপ্ন, ভালো লেখক হওয়া। সুতরাং তাকে গর্ভপাতের দিকেই এগোতে হবে। কিন্তু গর্ভপাত নিষিদ্ধ হওয়ায় তার বয়ফ্রেন্ড, বন্ধু ও চিকিৎসক কেউ পাশে দাঁড়ায় না। একাই সে এগিয়ে যায়। কঠিন এক যাত্রার মধ্য দিয়ে তাকে যেতে হয়। নির্মম এই সফরের ওপরেই আলো ফেলতে চেয়েছেন ওদগে দিওয়ান। সেই আলো ঝলসে দিয়েছে ভেনিসের বিচারকদের চোখ।
ওদগে বলেন, ‘যখন আমি বইটি পড়ি, “গুপ্ত গর্ভপাত” শব্দের মধ্যে দূরত্ব এবং এই প্রক্রিয়ার হিংস্র বাস্তবতায় আটকে যাই।’ এই চিত্রনাট্যকার, লেখক ও সাংবাদিক আরও বলেন, এ কারণেই এই চলচ্চিত্র একটি সফর হয়ে ওঠে। যেখানে দর্শকেরা চরিত্রটির দিকে তাকান না, বরং ওই চরিত্র হয়ে ওঠেন। তাঁরা সময় ও লিঙ্গপরিচয়ের বৈশিষ্ট্যগুলো অতিক্রম করার চেষ্টা করেন।
ছবিটি তাই একটি কাল্পনিক গল্প হয়ে ওঠে না। হয়ে ওঠে নারীর লৈঙ্গিক সংগ্রামের প্রতীক। ওদগে দিওয়ান তাঁর পুরস্কার গ্রহণ বক্তৃতায় বলেন, ‘আমার রাগ, ইচ্ছা, আমার পেট, আমার সাহস, আমার হৃদয় ও আমার মাথা দিয়ে ছবিটি করেছি।’