ভোট বাড়ছে কেনি ওয়েস্টের!

সম্প্রতি এক অনুষ্ঠানে ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছেন মার্কিন র্যাপ গায়ক কেনি ওয়েস্ট। মজা করেই বলুন বা গুরুত্ব দিয়েই বলুন না কেন, প্রেসিডেন্ট পদে তাঁর লড়ার বিষয়টি জনসমর্থন পেতেও শুরু করেছে। পপ সংগীত তারকা রিয়ান্না ও ডোনাণ্ড ট্রাম্পের পর এবার মার্কিন র্যাপ গায়ক আইস কিউব (ও’শিয়া জ্যাকসন) ‘অল ডে’ খ্যাত কেনিকে ভোট দেওয়ার ও সমর্থন জানানোর ঘোষণা দিয়েছেন।
আইস কিউব বলেন, ‘যদি তিনি (কেনি ওয়েস্ট) ভোটে দাঁড়ান, আমি ভোট দেব তাঁকে। তাঁর চেয়ে যোগ্য কেউ আছে নাকি? যদি এটাই ঘটে, তবে ঘটুক না।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে মার্কিন এই র্যাপার বলেন, ‘কে প্রেসিডেন্ট হলো তাতে কী আসে যায়, সবাইকে সকালে উঠে যার যার মতো কাজেই তো বেরোতে হবে।’
সম্প্রতি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এসে অসংলগ্ন বক্তৃতা দেওয়ার একপর্যায়ে ২০২০ সালের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেন সংগীতশিল্পী কেনি ওয়েস্ট। মঞ্চে এসে শিল্পী টেইলর সুইফটের কাছ থেকে আজীবন সম্মাননা পুরস্কার-২০১৫ গ্রহণ করার পর তিনি অসংলগ্নভাবে কথা বলতে শুরু করেন, ‘এরপর আমাকে আর কী হারাতে হবে জানি না। এটা যদিও কোনো বিষয় নয়, আমার বিষয়েও কিছু নয়। এটা নতুন ধারণা বিষয়ক। যাঁরা সত্য বিশ্বাস করেন তাঁদের বিষয়ে। এরপর কেনি কথার বোমাটা ফাটান। তিনি বলেন, ‘২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে যাচ্ছি আমি।’