ভ্যাম্পায়ারের সঙ্গে লড়াইয়ের ২৫ বছর
সানিডেল শহরের স্কুলশিক্ষার্থী বাফি সামারস। স্কুলে যায়। বন্ধুদের সঙ্গে খেলে, আড্ডা মেরে দারুণ সময় কেটে যায় তার। দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ একদিন তার সঙ্গে দেখা হয়ে গেল একজন ওয়াচারের। ওয়াচার কারা? শহরকে ভ্যাম্পায়ারের হাত থেকে বাঁচাতে একজন ঘাতক (ভ্যাম্পায়ার হত্যাকারী) প্রতি প্রজন্মেই জন্ম নয়। তাকে খুঁজে বের করে ভ্যাম্পায়ার হত্যার জন্য উপযুক্ত করে গড়ে তোলাই তাদের কাজ। ওয়াচার জানায়, তার প্রজন্মে ভয়ানক ভ্যাম্পায়ারদের হাত থেকে শহর বাঁচানোর দায়িত্ব বাফির।
উচ্ছল তরুণীর মাথায় হঠাৎ করেই যেন রাজ্যের দায়িত্বের চাপ এসে ভর করে। কিন্তু ভাগ্য যে তাকে টেনে এনেছে এই পথে। শুরু হয় বাফির ভ্যাম্পায়ার–দৈত্যদানব হত্যার মিশন। সঙ্গী তার কিছু বন্ধু, যারা ‘দ্য স্কুবি গ্যাং’ নামে পরিচিত।
১৯৯২ সালে ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ নামে ভ্যাম্পায়ারদের নিয়ে ছবির পাণ্ডুলিপি লিখেছিলেন জশ ওয়েডন। এবার সেই ছবি থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি একই নামে সিরিজ নির্মাণ শুরু করলেন। ১৯৯৭ সালের আজকের দিনে ওয়ার্নার ব্রাদার্সের নেটওয়ার্কে শুরু হয় সিরিজটি দেখানো। চলে ২০০৩ সালের ২০ মে পর্যন্ত। মোট সাতটি মৌসুমে চলে এই সিরিজ। শেষ দুটি মৌসুম প্রচার করা হয় ইউপিএনে।
প্রচারের পর থেকেই সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সমালোচকদের দৃষ্টিতেও প্রশংসিত হয় সিরিজটি। তখন ৪০ থেকে ৬০ লাখ দর্শক এ সিরিজ দেখতেন। সিরিজটি বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে মনোনীত ও পুরস্কার পায়। এমি, গোল্ডেন গ্লোব, হুগো, টেলিভিশন ক্রিটিকস অ্যাসোসিয়েশন, আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট, গোল্ডেন স্যাটেলাইটসহ নানা অ্যাওয়ার্ড শোতে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত হয় এবং পুরস্কার পায়।
শুধু তা–ই নয়, এ সিরিজ থেকে পরে উপন্যাস, কমিক বই ও ভিডিও গেমস তৈরি হয়। সিরিজটি ১৯৯০ থেকে ২০০০ সালের শুরুর দিক পর্যন্ত নারীকেন্দ্রিক সিরিজ তৈরিতে অনুপ্রাণিত করেছিল। শুধু তা–ই নয়, বিশ্বের নানা দেশে বিভিন্ন ভাষায় সিরিজটি দেখানো হয়।