ভয় পেয়েছিলেন কিট হেরিংটন!

কিট হেরিংটন মরে গেলেও ভয় নেই। আধিভৌতিক শক্তি আছে না! মৃত্যুর কোল থেকেও ফিরে আসতে পারেন তিনি। গেম অব থ্রোনস ধারাবাহিকের পঞ্চম মৌসুমে মারা গিয়ে ষষ্ঠ মৌসুমে তো ঠিকই ফিরে আসেন তিনি। কিন্তু ওই মৌসুমে সত্যি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলেন ধারাবাহিকের ‘জন স্নো’।
ষষ্ঠ মৌসুমের ব্যাটল অব বাস্টার্ড-এ যুদ্ধের শুটিং করতে গিয়ে খুব ভয় পেয়েছিলেন কিট। বেলফাস্ট টেলিগ্রাফ-এর সঙ্গে আলাপচারিতায় সেই ভয়ংকর যুদ্ধের অভিজ্ঞতা সম্প্রতি স্মরণ করেন তিনি। বলেন, ‘আমি অনেক কিছুকে ভয় পাই। মাকড়সা এদের মধ্যে একটি। তবে অনেক লোক একসঙ্গে জড়িয়ে ধরলে সবচেয়ে বেশি ভয় লাগে। আমি লোকজনের ভিড়ে ভীষণ ভয় পেয়েছিলাম। এটি খুবই ভয়ংকর ও খারাপ এক অবস্থা, যখন ১৫ জন আইরিশ তোমাকে চ্যাপ্টা করে ফেলবে।’ কিট হেরিংটন সেই যুদ্ধের সময় লোকজনের ভিড়ে তাঁর চিড়েচ্যাপ্টা অবস্থার কথা বলছিলেন। পরিস্থিতি এমন ছিল যে লোকজনের ভিড়ে ক্রমশ নিচের দিকে চলে যেতে থাকেন তিনি। সেখান থেকে ওপরে উঠতে তাঁকে প্রাণপণ চেষ্টা করতে হয়েছিল। ষষ্ঠ মৌসুমের ব্যাটল অব বাস্টার্ড যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই ধরতে পেরেছেন কোন দৃশ্যের কথা বলেছেন কিট।
আর কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে সিরিয়ালটির সপ্তম মৌসুম। জর্জ আর আর মার্টিনের উপন্যাস অবলম্বনে তৈরি সিরিয়ালটি আমেরিকাসহ বিশ্বজুড়ে জনপ্রিয়। আগামী ১৬ জুলাই এইচবিওতে শুরু হবে নতুন মৌসুমের পরিবেশনা। ১৮ জুলাই থেকে দেখা যাবে ভারতের স্টার ওয়ার্ল্ড ও স্টার ওয়ার্ল্ড এইচডিতে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস