ভয়ে লস অ্যাঞ্জেলেস ছাড়ছেন স্যান্ড্রা বুলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যান্ড্রা বুলক
স্যান্ড্রা বুলক

ভয়ে লস অ্যাঞ্জেলেস ছেড়ে টেক্সাসে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী স্যান্ড্রা বুলক। গত জুন মাসে সশস্ত্র এক আগন্তুক বুলকের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ঢুকে পড়ার ঘটনায় প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন ৪৯ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। এখনও সেই ভয় তাড়া করে ফিরছে তাঁকে। মূলত এ কারণেই লস অ্যাঞ্জেলেস ছাড়ার পরিকল্পনা করছেন বুলক।

স্পাইক টিভি পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে ফিরে গত ৮ জুন দিবাগত রাত ১টার দিকে ঘুমাতে যান বুলক। ঘণ্টা খানেক পর উচ্চ শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। এক পর্যায়ে অস্ত্রধারী আগন্তুকের মুখোমুখি হন বুলক। তিনি সঙ্গে সঙ্গে নিজের বেডরুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে পুলিশকে ফোন দেন। এক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি।

ফোন পেয়ে বুলকের বাড়িতে হাজির হয় পুলিশ। সেখান থেকে জসুয়া করবেট নামে এক অস্ত্রধারীকে আটক করা হয়। তাঁর কাছে একটি মেশিনগানসহ আরও বেশ কয়েকটি ভয়ংকর অস্ত্র পাওয়া যায়। বুলকের বাড়ির চারপাশে ১২ ফুট উচ্চতার নিরাপত্তা বেষ্টনী আছে। বেষ্টনীর ওপরের অংশ তারকাটা দিয়ে ঘেরা। শুধু তাই নয়, বুলক তাঁর বাড়িতে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা নিশ্চিত করেছিলেন। এত কিছুর পরও বাড়িতে অস্ত্রসহ আগন্তুক ঢুকে পড়ার ঘটনায় প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন বুলক।

লস অ্যাঞ্জেলেসের ওই বাড়িতে চার বছর বয়সী পালক সন্তানের সঙ্গে থাকেন বুলক। ঘটনার সময় গৃহ-পরিচারিকার কাছে ছিল বুলকের ছোট্ট ছেলে লুইস।

ঘটনার পর জসুয়া করবেটের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র বহন, বাড়িতে অবৈধ প্রবেশ ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে অবশ্য এক লাখ ৮৫ হাজার ডলার মুচলেকার বিনিময়ে জামিনে মুক্তি পান করবেট। তবে মামলার কার্যক্রম এখনও চলছে। দোষী সাব্যস্ত হলে ১২ বছরেরও বেশি সময় ধরে জেলের ঘানি টানতে হবে করবেটকে।