☀ অস্কারের ৯০ বছরের ইতিহাসে প্রথম নারী চিত্রগ্রাহক হিসেবে মনোনয়ন পেলেন র্যাচেল মরিসন।
☀ ম্যারি জে ব্লাইজ ‘মাডবাউন্ড’ ছবির জন্যই পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী ও গীতিকার মনোনয়ন পেয়েছেন।
☀ হয়রানির অভিযোগে অস্কারের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়লেন জেমস ফ্রাঙ্কো।
☀ এবার অস্কার মনোনয়ন প্রকাশের সময় থেকেই শুরু হলো ভুল।
☀ মনোনয়ন তালিকায় নেই ‘ওয়ান্ডার উইম্যান’ ছবির নাম।

অস্কারের মনোনয়ন ঘোষণার পর থেকে নানা ধরনের বিচার-বিশ্লেষণ চলছে। মনোনীত কলাকুশলী ও ছবিগুলোর রীতিমতো ব্যবচ্ছেদ করছেন চলচ্চিত্রপ্রেমী ও বোদ্ধারা। ৯০তম অস্কার মনোনয়ন কারও মন ভেঙেছে, কারও জন্য আবার এই মনোনয়ন আশীর্বাদ হয়ে এসেছে। এই মনোনয়ন গড়েছে নতুন ইতিহাসও। সেই মনভাঙা ও রেকর্ড গড়ার কিছু খবর নিয়েই এই আয়োজন।
প্রথম নারী চিত্রগ্রাহক
সেরা চিত্রগ্রাহক বিভাগে মাডবাউন্ড ছবির জন্য মনোনীত হয়েছেন র্যাচেল মরিসন। অস্কারের ৯০ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী চিত্রগ্রাহক, যিনি এই বিভাগে মনোনয়ন পেলেন।
‘মাডবাউন্ড’-এর ঘরে আরেকটি রেকর্ড
এই মাডবাউন্ড ছবির জন্যই পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন ম্যারি জে ব্লাইজ। তিনি এ ছবির গান ‘মাইটি রিভার’-এর গীতিকার হিসেবেও সেরা সংগীত বিভাগে আরেকটি অস্কার মনোনয়ন পেয়েছেন। এটাও অস্কার ইতিহাসে ঘটল প্রথমবার। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী ও সেরা সংগীত বিভাগে একই ব্যক্তি একই বছরে এর আগে কখনো মনোনয়ন পাননি।
অভিযুক্ত জেমস ফ্রাঙ্কো অস্কার থেকে বাদ
হয়রানির অভিযোগে অস্কারের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়লেন অভিনেতা জেমস ফ্রাঙ্কো। যে অভিনেতা দ্য ডিজাস্টার আর্টিস্ট ছবির জন্য বছরের প্রথম আলোচিত পুরস্কার গোল্ডেন গ্লোব জিতে আলোড়ন তুলেছিলেন, তিনিই নেই মনোনয়ন তালিকায়। কারণ, গোল্ডেন গ্লোব পুরস্কার জয়ের পরপরই ফ্রাঙ্কোর বিরুদ্ধে পাঁচ নারী ক্ষমতার অপব্যবহার ও আপত্তিকর আচরণের অভিযোগ তোলেন। ধারণা করা হচ্ছে, এ জন্যই একাডেমি অ্যাওয়ার্ডের সদস্যরা তাঁর মনোনয়নের নির্বাচন করতে পিছপা হন।
নতুন ইতিহাসের অপেক্ষা
২০১০ সালে সেরা পরিচালক বিভাগে জিরো ডার্ক থার্টি ছবির জন্য অস্কার জিতে প্রথম নারী নির্মাতা হিসেবে রেকর্ড গড়েন ক্যাথরিন বিগেলো। এ বছর এই বিভাগে আরেক নারী নির্মাতা গ্রেটা গারউইগ তাঁর লেডি বার্ড ছবির জন্য মনোনীত হয়েছেন। একাডেমি অ্যাওয়ার্ডের ইতিহাসে গ্রেটা হলিউডের পঞ্চম নারী নির্মাতা, যিনি এ বিভাগে মনোনয়ন পেলেন।
আরেক অস্কার-দুর্ভাগা রজার ডেকিনস
গত বছর সেরা শব্দমিশ্রণ বিভাগে অস্কার জয়ের পর দুর্ভাগ্য মোচন হয় কেভিন ও’কনেলের। তিনি ২১ বার অস্কার মনোনয়ন পেয়েও কখনো জিততে পারেননি। ৮৯তম অস্কার ঘরে তোলার পর তাঁর দুর্ভাগ্যে দাঁড়ি পড়ে। তবে কেভিনের পর এখন আরেক অপয়া ব্যক্তির নাম জানা গেল এ বছর। তিনি হলেন চিত্রগ্রাহক রজার ডেকিনস। এ বছর তিনি ব্লেড রানার ২০৪৯ ছবির জন্য পেয়েছেন তাঁর ১৪তম অস্কার মনোনয়ন। কিন্তু কোনোবারই কাঙ্ক্ষিত সেই অস্কারমূর্তি ঘরে তুলতে পারেননি রজার। এবারও যদি অস্কার হাতছাড়া হয় তাঁর, তাহলে এই দুর্ভাগ্য আরও এক বছরের জন্য তাড়া করবে তাঁকে।
আবারও ভুল করল অস্কার
গত বছর সেরা ছবির নাম ঘোষণার সময় যে ভুল হয়েছিল, তা এখনো অস্কার পুরস্কার আয়োজকদের দুঃস্বপ্ন হয়ে তাড়া করে। কিন্তু এবার তো মনোনয়ন প্রকাশের সময় থেকেই শুরু হলো তাদের ভুল করা। একাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ গত মঙ্গলবার মনোনয়ন ঘোষণা অনুষ্ঠান শেষ হওয়ার আগেই পুরো মনোনয়ন তালিকা ভুল করে তাদের ওয়েবসাইটে তুলে দেয়। এর ফলে অনুষ্ঠান চলা অবস্থাতেই সবাই আগেভাগে জেনে ফেলে মনোনীত ব্যক্তিদের নাম।
‘ওয়ান্ডার উইম্যান’ বাদ পড়ল
মনোনয়ন তালিকায় নেই গত বছরের আলোচিত ও সফল ছবি ওয়ান্ডার উইম্যান ছবির নাম। এ ছবি একটি বিভাগেও মনোনয়ন পায়নি। এ নিয়ে দর্শক মহলে গুঞ্জন চলছে। অন্যদিকে লেগো ব্যাটম্যান অস্কার থেকে ছিটকে পড়ল। এই বাদ পড়ার বিষয়টি নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ভালোই হাসিঠাট্টা হচ্ছে। সূত্র: বিবিসি, পিটিআই ও অস্কার তথ্যকণিকা অবলম্বনে