মা হওয়ার জন্য 'হিরের হার' চান কিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম কার্দাশিয়ান
কিম কার্দাশিয়ান

একজন নারীর জন্য মা হওয়াই সম্ভবত সবচেয়ে আনন্দের অনুভূতি। মা যখন নবজাতককে কোলে তুলে নেন, সেই বিষয়টিই বোধহয় মায়ের কাছে পৃথিবীর সেরা উপহার। কিন্তু পাশ্চাত্যের রীতি কিছুটা ভিন্নই হবে হয়তো। পশ্চিমা দেশগুলোতে সন্তানসম্ভবা নারীরা সন্তান জন্ম দেওয়ার আগেই ‘পুশ প্রেজেন্ট’ নামে এক ধরনের বিশেষ উপহার পেয়ে থাকেন। সম্প্রতি নিজের ওয়েবসাইটে পোস্ট করা এক ব্লগের মাধ্যমে কিম জানিয়েছেন, এবারের ‘পুশ প্রেজেন্ট’ হিসেবে তিনি চান এক মিলিয়ন ডলার মূল্যমানের একটি হিরের হার।

মডেল ও রিয়েলিটি শো তারকা সন্তানসম্ভবা কিম কার্দাশিয়ান এখন অপেক্ষায় আছেন তাঁর ‘পুশ প্রেজেন্ট’ পাওয়ার জন্য। আসছে ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ গ্রহণ করবেন মার্কিন এই মডেল ও টেলিভিশন ব্যক্তিত্ব। অবশ্য, কিমের কাছে এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে তাঁর ‘পুশ প্রেজেন্ট’। নিজের ওয়েবসাইটে কিম লিখেছেন, ‘নয় মাস গর্ভধারণের নানা ধাপ পেরোনোর পর এটা (পুশ প্রেজেন্ট) খুবই সুখকর এবং কাঙ্ক্ষিত একটি অর্জন। আমরা নারীরা সন্তানকে এই দীর্ঘ সময় নিজের ভেতরে ধারণ করি, একটি নতুন প্রাণকে পৃথিবীতে স্বাগত জানাই। নারীর এই বিশেষ সময়টিকে স্মরণীয় করার জন্য ‘বিশেষ উপহার’ তো তাঁদের অধিকারই বলা যায়!’

এর আগে কিম কার্দাশিয়ান তাঁর প্রথম সন্তান নর্থ ওয়েস্টের জন্মের আগে স্বামী কাইনে ওয়েস্টের কাছ থেকে পেয়েছিলেন বিশেষ ‘পুশ প্রেজেন্ট’। সেবার কিমকে হাত ভর্তি করে সোনার বালা উপহার দিয়েছিলেন কাইনে। যার মূল্য ছিল সে সময় ৬৫ হাজার ডলার। সেই ছবি আবারও টুইটারে পোস্টও করেছিলেন কিম। এবার কিমের আবদার হলো, তার চাই হিরের হার, ঠিক যেমনটা তিনি পরেছিলেন ‘আর্ট ফিল্ম গালা’র রেড কার্পেটে।

কিমের সেই হারটি প্রসঙ্গে জুয়েলারি ও স্টাইল এক্সপার্ট মাইকেল ও’কনরের ভাষ্য হচ্ছে, ‘আর্ট ফিল্ম গালা’র লাল গালিচায় কিম যে হারটি পরেছিলেন তার আনুমানিক মূল্য ১ মিলিয়ন মার্কিন ডলার।

কাজেই বউয়ের আবদার পূরণ করতে গেলে কাইনে ওয়েস্টকে এবার ন্যূনতম এই পরিমাণ অর্থ তো খরচ করতেই হবে। হিরের হার বলে কথা। ইয়াহু নিউজ।