মা হারালেন টম ক্রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে টম ক্রুজ
মায়ের সঙ্গে টম ক্রুজ

হলিউড তারকা টম ক্রুজের মা মেরি লি সাউথ মারা গেছেন। সোমবার ক্রুজের এক মুখপাত্র তাঁর মায়ের মৃত্যু সংবাদ নিশ্চিত করে জানিয়েছেন, তিনি ঘুমের মধ্যে মারা যান। মৃত্যুর সময় মেরির বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
রোববার স্থানীয় এক সাইন্টোলজি গির্জায় মেরির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন তারকা টম ক্রুজ ও তাঁর বোন লি অ্যান ডিভিট, কেজ মেপোথার এবং ম্যারিয়ান হেনরি। টম বলেছিলেন, তাঁর সাফল্যের পেছনে মায়ের অবদান সবচেয়ে বেশি। তিনি ছিলেন মায়ের সব থেকে বেশি ঘনিষ্ঠ। মা সব সময়ই তাঁকে উদ্বুদ্ধ করতেন।
১৯৮৬ সালে রোলিং স্টোন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেরি বলেছিলেন, ‘আমার সব সময় থিয়েটারের প্রতি ঝোঁক ছিল। কিন্তু আমি কখনোই কিছু করতে পারিনি।’ সে জন্যই হয়তো ছেলে টমকে যুক্ত করেছিলেন মঞ্চের সঙ্গে। টমের ব্যাপারে মেরি বলেছিলেন, ‘আমার মনে হয়, আমিই ওর সবচেয়ে সেরা দর্শক।’ তিনি বিশ্বাস করতেন, টমের মধ্যে দারুণ মেধা আছে। সেটা ইতিমধ্যে প্রমাণ করেছেন ‘মিশন ইমপসিবল’ তারকা। পিপল।