মাকে খুব প্রয়োজন জোলির

ছয় সন্তানকে একা সামলানো তো আর চাট্টিখানি কথা নয়। হিমশিম খাওয়াটাই স্বাভাবিক। ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর এমন অবস্থা এখন অ্যাঞ্জেলিনা জোলির। ঠিক এই মুহূর্তে তাই মাকে খুব প্রয়োজন এই ‘মেলিফিসেন্ট’ তারকার। ফরাসি ‘এল’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা স্বীকার করলেন তিনি।
জোলির মতে, তাঁর প্রয়াত মা অভিনেত্রী মারশালিন বারট্রেন্ড অনেক ভালো নানি হতে পারতেন। আর জোলিকে শেখাতে পারতেন কীভাবে একা সন্তানদের সামলাতে হয়। কেননা অস্কারজয়ী স্বামী জন ভটের সঙ্গে বিচ্ছেদের পর জোলি আর তাঁর ভাই হেভেনকে একাই সামলিয়েছেন মারশালিন। স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০০৭ সালে মৃত্যুবরণ করেন জোলির মা।
জোলি বলেন, ‘এই মুহূর্তে আমি তাঁকে (মাকে) আমার সঙ্গে রাখার জন্য সবকিছু করতে পারতাম। তাঁকে আমার খুব প্রয়োজন। আমি প্রায়ই মনে মনে তাঁর সঙ্গে কথা বলি আর ভাবার চেষ্টা করি, তিনি আমাকে কী বলতেন আর কীভাবে পথ দেখাতেন।’ তবে সন্তান লালনপালনের ক্ষেত্রে নিজের মতামতও প্রকাশ করলেন জোলি। তিনি বলেন, ‘কিন্তু আসলেই তাদের লালনপালনের উপায় হচ্ছে আগে তাদের কথা শোনা। এটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যা যেকোনো বাবা-মা করতে পারেন। তারা প্রাণোচ্ছল শিশু, কিন্তু তারা শিশু। তাদের যতটুকু সম্ভব সাহায্য প্রয়োজন জীবনের কঠিন সত্য জানার জন্য এবং যা আমাদেরও প্রয়োজন সুরক্ষা ও ভালোবাসা।’ পিপল