মাদকাসক্ত জীবনের গল্প নিয়ে বই

বয়স ৩০ হয়েছে তো, তাতে কী? অভিজ্ঞতার ঝুলি তো কম নয়। তাই লিন্ডসে লোহান বই লেখার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই বইয়ে থাকবে নিজের জীবনের নানারকম অভিজ্ঞতার কথা।
একটা বিশাল সময় তিনি নেশাগ্রস্ত ও অ্যালকোহল আসক্ত ছিলেন। নেশা আর অ্যালকোহল থেকে মুক্তি পেতে তাঁকে কয়েক দফায় পুনর্বাসন কেন্দ্রেও যেতে হয়েছে। কীভাবে তিনি জীবনের কঠিন সময়কে মোকাবিলা করলেন সেসব অভিজ্ঞতার কথা থাকবে এ বইয়ে।
তাঁর ভাষায়, ‘আমি একটি বই লিখছি এবং এটা নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। বইটি দিয়ে বন্ধুদের সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব। কীভাবে জীবনের যেকোনো বাধা টপকানো যায় সে সম্পর্কে বলব। আমি আশা করছি, আমার লেখাগুলো সবাইকে জীবনের কঠিন সময়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।’
লিন্ডসে অবশ্য তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার ফিরে পেতে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আবার তিনি ছবিতে অভিনয় শুরু করবেন। অনেক ছবিতে কাজ করতে চান। বই লিখবেন, বিভিন্ন দাতব্য কর্মসূচি শুরু করবেন এবং শিশুদের সঙ্গেও কাজ করার ইচ্ছে তাঁর। তবে সবকিছুর আগে তাঁর অনেকগুলো ছবি করা চাই।
তিনি তাঁর বই লেখা নিয়ে বলেন, আমি খুবই কৃতজ্ঞ যে, আমার আছে কথা বলার শক্তি। এই কথা বলার শক্তিকে আমি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগাতে পারি। যার মাধ্যমে সবাই জানতে পারবে যে, জীবনে কঠিন সময় আসে এবং আমরা সবাই কঠিন সময়কে মোকাবিলা করতে পারি। তবে তার জন্য দরকার নিজেদের ভেতরের রূপটাকে চেনা।
মিডডে ও দ্য ইকোনমিক টাইমস অবলম্বনে