মার্কিন কৌতুকশিল্পী জোয়ান রিভার্স আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোয়ান রিভারস
জোয়ান রিভারস

মার্কিন অভিনেত্রী, কৌতুকশিল্পী ও টিভি সঞ্চালক জোয়ান রিভার্স আর নেই। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এক বিবৃতিতে জোয়ান রিভার্সের মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তাঁর মেয়ে মেলিসা রিভার্স।

মেলিসা তাঁর বিবৃতিতে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আমার মা জোয়ান রিভার্সের মৃত্যুর খবর সবাইকে জানাচ্ছি। ৪ সেপ্টেম্বর বেলা ১টা ১৭ মিনিটে তিনি চলে গেছেন। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন তাঁর পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবেরা।’ জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় এক সপ্তাহ আগে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় জোয়ান রিভার্সকে। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় জীবন রক্ষাকারী যন্ত্র (লাইফ সাপোর্ট) দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন তিনি।

জোয়ান রিভার্সের পুরো নাম জোয়ান আলেকজান্দ্রা রোজেনবার্গ। নিউইয়র্কের ব্রুকলিনে তাঁর জন্ম ১৯৩৩ সালে। বার্নার্ড কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। ষাটের দশকের শুরুর দিকে নিউইয়র্কের বিভিন্ন কমেডি ক্লাবে কৌতুক পরিবেশন করতেন তিনি। ১৯৬৫ সালে ‘দ্য টুনাইট শো’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় হাজির হন জোয়ান রিভার্স।