মার্ভেল দুনিয়ায় পাকিস্তানি অভিনেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে আগেই কাজ করেছেন। এবার আভাস পাওয়া গেল, হলিউডের নামকরা প্রযোজনা সংস্থা ডিজনি প্লাসের টিভি ধারাবাহিক ‘মিজ মার্ভেল’–এ যুক্ত হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান। মার্ভেল কমিকসের প্রথম মুসলমান সুপারহিরো কমলা খানকে নিয়ে এই সিরিজের নামভূমিকায় অভিনয় করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী ইমান ভেলানি। খবরটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

ফাওয়াদ খান। ছবি: সংগৃহীত

ফাওয়াদ খান ‘জাট অ্যান্ড বন্ড’ সিরিজের মাধ্যমে পাকিস্তানে ব্যাপক পরিচিতি পান। ‘হামসফর’ ও ‘দাস্তান’–এর মতো টিভি সিরিয়াল তাঁকে এনে দেয় জনপ্রিয়তা। এরপরই তিনি পাড়ি জমান বলিউডে, কাজ করেন ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘অ্যায় দিল হ্যায় কি মুশকিল’ প্রভৃতি হিন্দি ছবিতে। এবারে তাঁকে দেখা যেতে পারে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত শো ‘মিজ মার্ভেল’–এ।

ফাওয়াদের হলিউড অভিষেক প্রসঙ্গে বিবিসি এশিয়ান নেটওয়ার্কের জ্যেষ্ঠ সাংবাদিক হারুন রশিদ টুইটারে এক পোস্টে লিখেছেন, ‘মার্ভেলের প্রথম মুসলমান চরিত্র হিসেবে কাজ করতে যাচ্ছেন ফাওয়াদ। ইতিমধ্যে তাঁকে এই শোয়ের অফিশিয়াল আইএমডিবির পেজে জায়গা করে দেওয়া হয়েছে। ফারহান আকতার, নিমরা বুচা এবং সামিনা আহমেদ এই ধারাবাহিকে যুক্ত হচ্ছেন। যদিও এ বিষয়ে মার্ভেল এখনো টুঁ শব্দটিও করেনি। ঘটনা সত্য হলে বিষয়টি হবে চমৎকার।’

মার্ভেল কমিকসের প্রথম মুসলমান সুপারহিরো কমলা খানকে নিয়ে সিরিজের নামভূমিকায় অভিনয় করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী ইমান ভেলানি। ছবি: সংগৃহীত

ওই শোয়ের আইএমডিবির পেজে গিয়ে দেখা গেছে, ফাওয়াদ খানের চরিত্রটির নাম হাসান। তবে সেখানে ফারহান আখতারের কোনো তথ্য পাওয়া যায়নি।

কমলা খান পাকিস্তানি–মার্কিন কিশোরী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বেড়ে উঠেছে। শরীরের অঙ্গসমূহ অস্বাভাবিক লম্বা করে ফেলার বিশেষ ক্ষমতা আছে তার। পৃথিবীকে শান্তিপূর্ণ করে তুলতে সে এই ক্ষমতাকে কাজে লাগাবে।