মুশকিলে ভায়োলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভায়োলা ডেভিস

বেশ বিপদেই পড়লেন হলিউড অভিনেত্রী ভায়োলা ডেভিস। নতুন অ্যানথোলজি সিরিজ দ্য ফার্স্ট লেডিতে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার চরিত্রে অভিনয় করেন। তাঁর অভিনয় প্রশংসিত হয়নি, উল্টো দুয়োধ্বনি শুনতে হচ্ছে কিছু অভিব্যক্তির জন্য।

সমালোচক ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন ভায়োলার। এই অভিনেত্রীর বয়স ৫৬ বছর। আর মিশেল ওবামার বয়স ৫৮ বছর। খুব একটা ব্যবধান নেই। মিশেলের চরিত্রে ভায়োলাকে নেওয়া জুতসই বলা যায়। কিন্তু ১৭ এপ্রিল সিরিজটি প্রিমিয়ারের পর তাঁকে নিয়ে সমালোচনায় মুখর হয়ে উঠেছে টুইটার।

সমালোচকদের দাবি, ভায়োলা সিরিজের মধ্যে বারবার নিজের চেহারাকে ‘ডাক ফেস’-এ রূপান্তর করে পক্ষান্তরে মিশেলকে অপমানিত করেছেন। ডাক ফেস বলতে বোঝায় দুই ঠোঁট সামনের দিকে প্রসারিত করে ছবি তোলার জন্য একধরনের অভিব্যক্তি।

একজন সমালোচনাকারী বলেছেন, ‘আমি ভায়োলা ডেভিসকে ভালোবাসি। কিন্তু এই ধরনের অভিব্যক্তি তৈরির পেছনে যে দল কাজ করেছে, তাদের সবাইকে শাস্তি দেওয়া উচিত।’

ভায়োলা ডেভিস

একজন লিখেছেন, ‘কেন আপনাকে কেউ থামাননি? কেন তাঁরা অন্তত একজন মেকআপ আর্টিস্ট আপনাকে দেননি? এরপর আপনি কী করে মিশেল ওবামার মুখোমুখি হবেন?’

একজন বলেছেন, ভায়োলা ডেভিসকে থামানো দরকার। মিশেল ওবামার চেহারা নিয়ে একটু অতিরঞ্জিতই করে ফেলেছেন। সিরিজটি অবশ্য নিজেই প্রযোজনা করেছেন ভায়োলা ডেভিস। শুধু তা-ই নয়, সিরিজটি মুক্তির আগে তাঁর পারফরম্যান্স নিয়েও বেশ সংশয়ে ছিলেন তিনি। কারণ, এমন একজন মানুষের চরিত্রে তিনি অভিনয় করছেন, যাঁকে নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে।

ভায়োলা ডেভিস
ইনস্টাগ্রাম

ভক্তদের সমালোচনা নিয়ে ভায়োলা বিব্রত! তিনি বলেন, ‘যখন মানুষ আপনার কাজ নিয়ে নেতিবাচক মন্তব্য করবেন, সত্যিই এটা হৃদয়বিদারক হয়ে দাঁড়ায়। সব পারফরম্যান্স পুরস্কার পাওয়ার মতো হয় না।’