মূকাভিনেতার চরিত্রে জেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসি আইজেনবার্গ
জেসি আইজেনবার্গ

মারসেল মারসুকে চেনেন তো? ফরাসি দেশের এই নাগরিক একজন কিংবদন্তি মূকাভিনেতা। ষাটের দশক ধরে দুনিয়াজোড়া মঞ্চ দাপিয়েছেন তিনি। মূকাভিনয়কে তিনি নাম দিয়েছিলেন ‘আর্ট অব সাইলেন্স’, মানে ‘নিঃশব্দের শিল্প’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন তরুণ। যোগ দিয়েছিলেন ‘ফ্রেঞ্চ রেসিসটেন্স’ দলে, নাৎসি বাহিনীর বিরুদ্ধে আন্দোলনের জন্য। শিল্প আর আন্দোলনের মিশেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাঁর ভূমিকা অসাধারণ।

মারসেলের প্রশংসা করে ভেনেজুয়েলার লেখক ও চলচ্চিত্র নির্মাতা জোনাথন ইয়াকুবওয়িচ বলেন, ‘মারসেলের রেসিসটেন্সের সঙ্গে জড়িত থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম গোপন তথ্য।’

এবার মারসেলের ওপর চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন জোনাথন ইয়াকুবওয়িচ। এতে মারসেলের চরিত্রে অভিনয় করবেন ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’খ্যাত তারকা জেসি আইজেনবার্গ। জেসির এই কিংবদন্তি মূকাভিনেতার চরিত্রে অভিনয় করার ব্যাপারটি নিশ্চিত করেছেন জোনাথন নিজে। কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে এ ঘোষণা দেন তিনি।

এর মধ্যেই জেসির সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন জোনাথন। তবে শুটিং শুরু করবেন ২০১৮ সালের শুরুর দিকে। ছবির নাম হবে ‘রেসিসটেন্স’। হলিউড তারকা জেসির প্রশংসাও করেন ‘হ্যান্ডস অব স্টোন’ ছবির পরিচালক। মারসেলের বড় ছেলে ব্যাপটিস্ট মারসুর সঙ্গে কথা বলে গত বছর ছবির গল্প লেখা শুরু করেন জোনাথন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া