মেয়ের বিয়েতে দাওয়াত পাননি জোলির বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোলি, পিট, জন ভয়েট
জোলি, পিট, জন ভয়েট

অবশেষে নয় বছরের সঙ্গী ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি বিয়ের পর্ব সেরেছেন গত সপ্তাহে। মাত্র ২২ জন অতিথির উপস্থিতিতে ফ্রান্সে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন হলিউডের বহুল আলোচিত এ তারকা যুগল। বিয়েতে আরও অনেকের মতো আমন্ত্রণ পাননি জোলির বাবা অস্কারজয়ী মার্কিন অভিনেতা জন ভয়েট। আমন্ত্রণ না পেলেও পিট-জোলির বিয়েতে অনেক খুশি বলেই জানিয়েছেন বর্ষীয়ান এ অভিনেতা। পিট-জোলির সঙ্গে শিগগির দেখা করার জন্য মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি আইটিভির ‘গুড মর্নিং ব্রিটেন’ অনুষ্ঠানে সাক্ষাত্কার দেওয়ার সময় জন ভয়েট বলেন, ‘আমি অনেক অনেক খুশি। ভেবে ভালো লাগছে, এখন থেকে ব্র্যাড পিটকে আইনগতভাবে আমি ছেলে ডাকতে পারব। চমত্কার এ মানুষটিকে আমি খুব ভালোবাসি।’ এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট ডটকম।

জন ভয়েট আরও বলেন, ‘বিয়ের অনুষ্ঠানটি নিশ্চয়ই অনেক সুন্দর হয়েছে। সবাই অনেক মজা করেছে। বিশেষ করে পিট-জোলির সন্তানেরা চমত্কার কিছু সময় কাটিয়েছে। তাদের প্রত্যেকেই মা-বাবার বিয়েতে নিজ নিজ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে।’


ফ্রান্সের শাতো মিরাভেলের একটি গির্জায় ২৩ আগস্ট অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের কাজ সারেন পিট ও জোলি। বিয়েতে ২২ জন অতিথির মধ্যে উপস্থিত ছিল পিট-জোলির ছয় সন্তান ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স ও ভিভিয়েন। তাদের প্রত্যেকেই বিয়ের অনুষ্ঠানে নিজ নিজ দায়িত্ব পালন করেছে। গির্জার মধ্যবর্তী পথ দিয়ে মা জোলিকে নিয়ে যাওয়ার দায়িত্ব পায় ১৩ বছর বয়সী ম্যাডক্স ও ১০ বছর বয়সী প্যাক্স। ফ্লাওয়ার গার্ল হিসেবে দায়িত্ব পালন করে নয় বছর বয়সী জাহারা ও আট বছর বয়সী শিলহ। বিয়ের আংটি বহনের দায়িত্ব দেওয়া হয় পাঁচ বছর বয়সী যমজ ভিভিয়েন ও নক্সকে।