মেরিল স্ট্রিপ 'প্রেসিডেন্ট'!

বার্লিন চলচ্চিত্র উৎসবের ২০১২ সালের আসরে আজীবন সম্মাননা পেয়েছিলেন মেরিল স্ট্রিপ। সেরা অভিনেত্রী হিসেবে সেবার তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল স্বর্ণ-ভল্লুক। এবার তিনিই বার্লিন চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের প্রধান নির্বাচিত হয়েছেন। ২০১৬ সালের চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেতা, অভিনেত্রীসহ অন্যান্য শাখায় কারা গোল্ডেন ও সিলভার বিয়ার পাবেন, সেসবের দায়িত্ব বর্তেছে আয়রনলেডি–খ্যাত এই অভিনেত্রীর ওপর।
বার্লিন চলচ্চিত্র উৎসবের বিচারক দলে মেরিল স্ট্রিপ এবারই প্রথম। আর প্রথমবারই সরাসরি প্রেসিডেন্ট! উৎসবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্রিপ বলেছেন, ‘যেভাবেই হোক, উৎসবেই তো ফিরছি আবার, সেটাই রোমাঞ্চকর। তবে আশা করছি, বিচারকের দায়িত্বটা উপভোগই করব। এটা ভীষণ কঠিন কাজ। জীবনে কোনো কিছুর প্রেসিডেন্ট হইনি, এবার সরাসরি বিচারকদের প্রেসিডেন্ট!’
মেরিল স্ট্রিপকে বিশ্বের সবচেয়ে মেধাবী ও বৈচিত্র্যময় অভিনেত্রী মনে করা হয়। এ পর্যন্ত ৪০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে রিকি অ্যান্ড দ্য ফ্ল্যাশ, ইনটু দ্য উডস, দ্য ডেভিল উইয়ার্স প্রাডা, দ্য আয়রনলেডি।
চলতি বছর ট্যাক্সি ছবিটির জন্য গোল্ডেন বিয়ার পান ইরানের গৃহবন্দী পরিচালক জাফর পানাহি। আগামী বছর বার্লিন চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ ফেব্রুয়ারি। হলিউড রিপোর্টার।