মেরিল স্ট্রিপের সুখী দাম্পত্যের পেছনে

স্বামী ও সন্তান নিয়ে দীর্ঘ ৩৬ বছর ধরে সুখে সংসার করছেন অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী মেরিল স্ট্রিপ। দীর্ঘ এই সুখী দাম্পত্যের পেছনের কারণ জানাতে গিয়ে সম্প্রতি নিজের মতামত জানিয়েছেন ৬৫ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। মেরিল বলেছেন, ভালোবাসার পাশাপাশি পারস্পরিক বৈপরীত্যের কারণেই ভাস্কর ডন গামারের সঙ্গে তাঁর বিয়ে সফল হয়েছে।
হলিউড কিংবা বলিউডের তারকাদের মধ্যে ডিভোর্সের হার একটু বেশিই বলতে হয়। তুচ্ছ নানা কারণে মুহূর্তের মধ্যে ঘর ভেঙে দিচ্ছেন তাঁরা। কেউ কেউ তো একাধিকবার বিচ্ছেদের পথে হাঁটছেন। তবে বছরের পর বছর ধরে ডনের সঙ্গে এক ছাদের নিচে থেকে ভিন্ন দৃষ্টান্তই স্থাপন করেছেন মেরিল স্ট্রিপ।
সুখী দাম্পত্য জীবনের পেছনের কারণ জানাতে গিয়ে মেরিল মন্তব্য করেন, ডন ও তিনি এমন এক জুটি যাঁদের মধ্যে প্রচুর অমিল রয়েছে। ডন কম কথা বলেন। আর বাড়িতে সব সময় বকবকের ওপরেই থাকেন মেরিল। ডন সেসব কথা ধৈর্য নিয়ে শোনার পরই কেবল নিজের কাজে ফিরে যান। এই বয়সেও নিজেকে দারুণ কৌতূহলী এবং কর্মচঞ্চল বলে মনে করেন মেরিল। আর এ জন্য ডন তাঁকে অনেক ভালোবাসেন। জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
সন্তান লালন-পালন করতে গিয়ে পেশাজীবনের কোনো রকম ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন মেরিল। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমার মনে হয় না, সন্তান লালন-পালন করার জন্য ক্যারিয়ারের কিছু বিসর্জন দিতে হয়েছে আমাকে। নারীদের উচিত, সংকোচ না করে নিজের পছন্দমতো ক্যারিয়ার বেছে নেওয়া। জীবন মানে বেছে নেওয়ার অধিকার বা সম্ভাবনা। আমার ক্ষেত্রে বলতে পারি, আমি নিজেকে নিয়ে অনেক খুশি।’