মেরিল 'রেকর্ড' স্ট্রিপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিল স্ট্রিপ
মেরিল স্ট্রিপ

স্বীকৃত বড় পুরস্কারগুলোতে কেবল মনোনয়নই পেয়েছেন ৪০৯ বার! এর মধ্যে ১৫৭ বার জিতেছেন পুরস্কার। মেরিল স্ট্রিপ এই ৬৭ বছর বয়সেও দাপটের সঙ্গে চালিয়ে যাচ্ছেন তাঁর রাজত্ব। আরও একবার গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেলেন। যেটি এই পুরস্কারে তাঁর ৩০তম বারের মতো মনোনয়ন পাওয়া!
রেকর্ড অবশ্যই, তবে নতুন নয়। সেই রেকর্ড যে স্ট্রিপ বাগিয়েছেন ২০০৯ সালে। তখন ২৩তম বারের মতো মনোনয়ন পেলেন। এরপর মনোনয়ন পেয়েছেন আরও সাতবার।
১৯৭৮ সালে প্রথম গোল্ডেন গ্লোবে প্রথম মনোনয়ন পেয়েছিলেন। এ কালের জেনিফার লরেন্স জন্মেছেন তারও ১২ বছর পর! ১৯৭৯ সালে প্রথম গোল্ডেন গ্লোব জেতেন স্ট্রিপ ক্রেমার ভার্সেস ক্রেমার-এর জন্য। তখন থেকে টানা তিনবার জিতেছেন এই পুরস্কার। সব মিলিয়ে জিতেছেন ১০টি! ফ্লোরেন্স ফস্টার জেনকিনস-এর জন্য মনোনয়ন পেয়েছেন এবার।
নারী-পুরুষ মিলিয়েই সবচেয়ে বেশিবার অস্কার মনোনয়নের রেকর্ডও আছে স্ট্রিপের। ১৯ বার মনোনয়ন পেয়েছিলেন একাডেমি পুরস্কারে। অবশ্য অস্কার জিতেছেন তিনবার। স্ট্রিপের জন্যই সংখ্যাটা ‘কম’ মনে হচ্ছে!
এত এতবার মনোনয়ন পেয়েও এখনো যেন শুরুর দিনগুলোর রোমাঞ্চই ছুঁয়ে যায়। এবারও প্রতিক্রিয়ায় উচ্ছ্বাসে ভেসে গেছেন। এই অন্তহীন ক্ষুধাই তো বাঁচিয়ে রাখে একজন শিল্পীকে!
আগামী ৮ জানুয়ারি দেওয়া হবে এবারের গোল্ডেন গ্লোব। উপস্থাপনা করবেন জিমি ফ্যালন। ইন্ডিয়ান এক্সপ্রেস।