মেরিলকে নিয়ে নিরো যা বললেন

গত রোববার ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের সন্ধ্যাটি ছিল অন্য রকম। হলিউডের নামকরা অভিনেত্রী মেরিল স্ট্রিপের বক্তব্যটি হৃদয় ছুঁয়ে গিয়েছিল সবার, তাতে ছিল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে কটাক্ষ। তাঁর বক্তৃতা শুনে এ অনুষ্ঠানে আসা তারকারাও হয়ে পড়েছিলেন আবেগাক্রান্ত। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন স্ট্রিপের দীর্ঘদিনের বন্ধু রবার্ট ডি নিরো।
হলিউডের বর্ষীয়ান এ অভিনেতা বক্তব্য শোনার পর বন্ধু মেরিল স্ট্রিপকে একটি চিঠি দেন। সেখানে তিনি লেখেন, ‘যা তুমি বললে, তা ছিল চমৎকার। এটা বলার প্রয়োজন ছিল এবং তুমি বললে, চমৎকারভাবে।’ ডি নিরো আরও বলেন, মেরিল স্ট্রিপ নিরোর কাছে খুবই সম্মানীত ব্যক্তি। এমন সময় তিনি কথাটা বললেন, যখন সারা বিশ্ব তাঁর অর্জনকে উদ্যাপন করছে।
সে সন্ধ্যার বক্তব্যে স্ট্রিপ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা বলেন কিন্তু একটিবারও তাঁর নাম উচ্চারণ করেননি। স্ট্রিপের বক্তব্য নিয়ে ভায়োলা ডেভিস ও জর্জ ক্লুনিও কথা বলেন।
পিপল মুভিজ