বিবিসির চোখে ২১ শতকের সেরা টিভি সিরিজ
’ম্যাড মেন’: এক বিজ্ঞাপনী নির্বাহীর গল্প
চলচ্চিত্র নিয়ে গত কয়েক বছরে বেশ কয়েকটি জরিপ করেছে বিবিসি। ২০১৯ সালে করেছে নারী পরিচালিত সেরা ১০০ ছবির তালিকা। ২০১৮ সালে করেছে সর্বকালের সেরা ১০০ বিদেশি ছবির তালিকা। এতদিন চলচ্চিত্রেই সীমাবদ্ধ ছিল তাদের দৃষ্টি। এবার অন্য দিকে দৃষ্টি দিয়েছে তারা। ২১ শতকের সেরা টিভি সিরিজ কী—৪৩টি দেশের ২০৬ জন টিভি বিশেষজ্ঞের কাছে জানতে চেয়েছিল বিবিসির কালচার বিভাগ। তাদের পাওয়া উত্তর নিয়ে ১০০টি টিভি সিরিজের তালিকা করা হয়।
তালিকায় দুই নম্বরে আছে ‘ম্যাড মেন’। ষাটের দশকের শুরুর দিকে নিউইয়র্কের একটি বিখ্যাত বিজ্ঞাপনী সংস্থাকে ঘিরে সিরিজের গল্প। কাহিনির কেন্দ্রে আছেন এই সংস্থার মেধাবী নির্বাহী ডোনাল্ড ড্র্যাপার। তাঁর পেশাদারি ও ব্যক্তিগত জীবনের উত্থান-পতনের কাহিনি বলা হয়েছে সিরিজের গল্পে।
ষাটের দশকে নিজের সৃজনশীল দক্ষতা দিয়ে বিজ্ঞাপনী বাজারে দারুণ প্রভাব ফেলেছিলেন ড্র্যাপার। তবে মাদকাসক্তি ও নারীসঙ্গ তাঁর ব্যক্তিগত জীবনকে ওলটপালট করে দেয়। কীভাবে জীবনের এসব নেতিবাচক দিকগুলো মোকাবিলা করেছিলেন, তারই বয়ান এই সিরিজ।
ম্যাথ্যু ওয়েইনারের সিরিজটি আট বছর ধরে সাতটি মৌসুমে দেখানো হয়েছে। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পরপরই ব্যাপক জনপ্রিয়তা পায় ম্যাড মেন। শুধু তা-ই নয়, সমালোচকদেরও প্রশংসা জোটে। কাহিনি, অভিনয়, পরিচালনা, ভিজ্যুয়াল স্টাইল ও ঐতিহাসিক সত্যতা—সবকিছু মিলে দারুণভাবে প্রশংসিত হয়। শুধু তা-ই নয়, ঝুলিতে ভরে বেশ কিছু পুরস্কার। বিভিন্ন মৌসুম মিলে সিরিজটি জেতে ১৬টি এমি, ৫টি গোল্ডেন গ্লোব। পরপর চার বছর সিরিজটি এমি অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজ পুরস্কার পেয়েছে।
বলা হয়ে থাকে, সিরিজটি বিখ্যাত নির্মাতা আলফ্রেড হিচককের ভিজ্যুয়াল স্টাইল দিয়ে প্রভাবিত। বিশেষ করে সিরিজে তাঁর ছবি ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-এর প্রভাব আছে। এ ছাড়া এশিয়ান ধ্রুপদি নির্মাতা উং কার ওয়াইয়ের সংগীত ও সম্পাদনার ধরনটি ব্যবহার করা হয়েছে।