
সালমা-ঐশ্বরিয়ার যুগলবন্দী
এ যেন মেক্সিকো ও ভারতের যুগলবন্দী। একই মঞ্চে সালমা হায়েক ও ঐশ্বরিয়া রাই বচ্চন। কানে পৌঁছেই প্রথম দিনটা ঐশ্বরিয়া কাটিয়েছেন জেন্ডার বৈষম্যবিষয়ক একটি আলোচনা সভায়। ভ্যানিটি সাময়িকী আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েকও।
তিনি উৎসবে এসেছেন টেল অব টেলস ছবির প্রচারণায়। ঐশ্বরিয়া ও সালমা দুজনই আলোচনায় বলেছেন চলচ্চিত্রশিল্পের মানুষদের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলের কথা।
ঐশ্বরিয়া রাই এসেছেন কন্যা আরাধ্য ও মাকে নিয়ে। শোনা যাচ্ছে, এরই মধ্যে এসে পৌঁছাবেন স্বামী অভিষেক বচ্চনও। ঐশ্বরিয়া তাঁর নতুন ছবির প্রচারণাটাও এই ফাঁকে কান উৎসবে সেরে নিতে চান। আর লালগালিচায় সৌরভ ছড়ানো সেটা তো থাকবেই।

ম্যাথ্যু ম্যাককনির মন খারাপ
মনে মনে কী ভাবছেন হলিউড অভিনেতা ম্যাথ্যু ম্যাককনি? ধুর! কী দরকার ছিল এই আর্ট ফিল্মের দুনিয়ায় আসার! উৎসবের চতুর্থ দিনে কানে এসেছেন এই ইনটারস্টলার তারকা। কিন্তু শুরু থেকেই তাঁর মুখে হাসি নেই। ফটোকল থেকে সংবাদ সম্মেলন—সবখানেই বিমর্ষ ম্যাথ্যু। কেন? এর মধ্যেই একাধিক পশ্চিমা সংবাদমাধ্যম এর একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেলেছে। ম্যাথ্যু অভিনীত গাস ফন সেন্টের দ্য সি অব ট্রিজ প্রথম দেখায় চরমভাবে হতাশ করেছে সমালোচকদের। তাঁর মন বেজার সে কারণেই।
বেচারা ম্যাথ্যু! প্রতিযোগিতা বিভাগের এই ছবিতে একজন বিষণ্নতায় আক্রান্ত মানুষের চরিত্রে অভিনয় করেছেন তিনি।